প্যারিস, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ফ্রসোঁয়া হল্যান্দের সোস্যালিস্ট পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
রোববার নির্বাচনী ফলাফলে দেখা যায়, ৫৭৭ আসনের পার্লামেন্টের ৩০৭টি আসনই পেয়েছে সোস্যালিস্ট পার্টি ও এর সহযোগী দলগুলো।
এতে করে বামপন্থী এ দলকে আইন প্রণয়নের জন্য পরিবেশবাদী গ্রিনস পার্টি বা কমিউনিস্ট নিয়ন্ত্রিত বামফ্রন্টের ওপর নির্ভর করতে হবে না।
নির্বাচনে মূলধারার রক্ষণশীল দল পেয়েছে ২২৪টি আসন। আর গ্রিনস ১৬টি আসনে জয়ী হয়েছে।
ডানপন্থী দল তিনটি আসনে জয়ী হয়েছে।
অর্থমন্ত্রী পিয়েরে মসকোভিসি বলেন, “এ ফলাফল সরকারকে ক্ষমতা ও মেরুদণ্ড দেবে।”
রাজনৈতিক বিশ্লেষক ম্যারিয়েট সিনো বলেন, “যা আশা করা হয়েছিলো তার চেয়েও বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়েছে। এ ফলাফল আন্তর্জাতিকভাবে হল্যান্দের অবস্থানকে আরো পোক্ত করতে পারে।”
ইউরোজোনকে কেন্দ্র করে গ্রিসে চলমান রাজনৈতিক সংকটের কারণে বর্তমানে ইউরোপীয় দেশগুলোর নেতাদের ওপর চাপ বাড়ছে। ঠিক এমন এক পরিস্থিতিতে রোববারের এ ফলাফল বার্লিনের শর্তানুযায়ী ইউরোজোন ফিসকাল ইউনিয়নের প্রতি সংসদীয় সমর্থন পেতে হল্যান্দকে সহায়তা করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২৮ ঘ.
bdnews24