জেনেভা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি বৃহস্পতিবার ইউরোপ সফরের শুরুতেই জেনেভায় প্রথম ভাষণে শ্রমিকদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন।
মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতার আহ্বান জানানোর পাশাপাশি সু চি শ্রমিক অধিকার উপেক্ষা করে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
আন্তর্জাতিক শ্রমিক সংস্থা (আইএলও) মিয়ানমারে শিশু ও দাস শ্রমর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রচারাভিযান চালিয়ে আসছে। তাই এ সংস্থাটিতেই প্রথম ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন সু চি।
ভাষণে তিনি বলেন, “আমি রাজনৈতিক পুনর্গঠনে সহায়ক হয় এমন সামজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করতে মিয়ানমারে বিদেশি সহায়তা ও বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।”
১৯৮৮ সালের পর এটিই সু চির প্রথম ইউরোপ সফর।
এর আগে মে মাসে ২৪ বছর পর প্রথম দেশের বাইরে থাইল্যান্ড সফর করেন তিনি। ৪ দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর এবার তিনি ইউরোপ সফরে গিয়েছেন।
সফরের শুরুতেই বুধবার রাতে জেনেভায় পৌঁছান তিনি। হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান অপেক্ষমান জনতাকে।
এরপর জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংগঠনে (আইএলও) ভাষণ দেন সু চি।
তার এ ভাষণের কয়েক ঘণ্টা আগেই মিয়ানমারের ওপর থেকে এক দশকেরও বেশি সময়ের পুরোনো শাস্তিমূলক বাধা নিষেধ তুলে নেয় (আইএলও)।
মিয়ানমারের সংস্কারকাজের স্বীকৃতি দিতেই আইএলও এ পদক্ষেপ নেয়।
জেনেভা হোটেলে পৌঁছানোর পর সু চি আইএলও’র এ পদক্ষেপের প্রশংসা করেন এবং এর বদৌলতে নতুন অনুপ্রেরণা নিয়ে মিয়ানমারে আরো অগ্রযাত্রার আশা প্রকাশ করেন।
দুই সপ্তাহের দীর্ঘ এ ইউরোপ সফরে সু চির যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং নরওয়ে ভ্রমণের কথা রয়েছে। নরওয়েতে তিনি নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করবেন।
সু চির এ সফর মিয়ানমারে রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে আরেকটি মাইলফলক।
গত দু দশকে মিয়ানমারে জান্তা সরকার আমলে সু চি বেশির ভাগ সময়ই গৃহবন্দি ছিলেন।
কিন্তু দেশে সেনা-সমর্থিত বেসামরিক সরকার প্রতিষ্ঠার পর সংস্কার প্রক্রিয়া শুরু হলে ২০১০ সালের শেষ দিকে সু চি মুক্তি পান।
এরপর সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত উপনির্বাচনে জিতে পার্লামেন্ট সদস্য হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৩ঘ.
bdnews24