২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ৩ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় আদিবাসী অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় তিন জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 05:27 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় আদিবাসী অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় তিন জঙ্গি নিহত হয়েছে। তালেবান ও আল কায়েদা জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে পরিচিতি পাওয়া ওই অঞ্চলটিতে বৃহস্পতিবার ভোরে হামলা চালানো হয় বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মূল শহর মিরানশাহ’র কেন্দ্রে একটি বাজারের ভবনকে লক্ষ করে ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে তিন জঙ্গি নিহত হয়েছে বলে পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে। গতমাসে শিকাগোয় ন্যাটোর শীর্ষ সম্মেলনের পর পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তবে ওই সম্মেলনে গত ছয়মাস ধরে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটোর জন্য রসদ সরবরাহের পথ খুলে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের সঙ্গে কোনো চুক্তি হয়নি। এর আগে ৪ জুন উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ১৫ আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল লিবিও রয়েছেন। মিরানশাহ ও উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে নিয়োজিত পাকিস্তানের অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারাও সর্বসাম্প্রতিক এই হামলা সম্পর্কে নিশ্চিত করেছেন। পাকিস্তানের আদিবাসী অঞ্চলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ৪ জঙ্গি নিহত হওয়ার ঠিক পরদিনই এই হামলা চালানো হলো। তবে তালেবান বা আল কায়েদার শীর্ষ পর্যায়ের কেউ এই হামলায় নিহত হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র মনে করে, পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তান তালেবান ও আল কায়েদা জঙ্গিদের মূল ঘাঁটি এবং এখান থেকে পশ্চিমা ও আফগানিস্তানে হামলার পরিকল্পনা করা হয়। গত বছরের ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একটি তল্লাশি চৌকিতে দায়িত্বপালনরত ২৪ সেনা নিহত হয়। এই ঘটনার পর পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের চরম অবণতি ঘটে। ক্ষিপ্ত পাকিস্তান সরকার আফগানিস্তানে নিয়োজিত ন্যাটোর জন্য রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র বার বার আহ্বান জানানোর পরও পাকিস্তান এখনো সরবরাহ পথ খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়নি। সম্প্রতি ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেনও রসদ সরবরাহের পথ খুলে দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৩ ঘ.