২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া: হোমসে সেনা হামলা, উদ্বিগ্ন আনান

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরূদ্ধে গণঅভ্যুত্থানের কেন্দ্রস্থল হোমস শহরে সোমবার সেনারা নতুন করে হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

জেনেভা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরূদ্ধে গণঅভ্যুত্থানের কেন্দ্রস্থল হোমস শহরে সোমবার সেনারা নতুন করে হামলা চালিয়েছে। এছাড়া লাতাকিয়া প্রদেশের আল-হাফা শহরেও হামলার খবর পাওয়া গেছে। শহর দুটিতে হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন সিরিয়ায় নিযুক্ত আন্তর্জাতিক দূত কফি আনান। উভয় স্থানেই সাধারণ মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র আহমেদ ফৌজি। তিনি বলেছেন, “এই শহরগুলোতে অনেক বেসামরিক লোক আটকা পড়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।” এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আল-হাফায় শিগগিরই জাতিসংঘের সামরিক পর্যবেক্ষকদের প্রবেশানুমতি দাবি করেছেন আনান। সিরিয়ায় সহিংসতা বন্ধে জাতিসংঘ ও আরব লীগের দূত কফি আনান দুই মাস আগে যুদ্ধ বিরতিসহ এক শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন যা প্রকৃতপক্ষে এখন অকার্যকর এবং সিরিয়া পরিস্থিতিতে তেমন কোন প্রভাব ফেলেনি। দেশটিতে সহিংসতা বন্ধ ও তার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দুই সপ্তাহ আগে দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন কফি আনান। বৈঠকে আসাদ সরকার দাবি করেছে, সিরিয়ায় রক্তপাতের জন্য দায়ী বহির্বিশ্ব-সমর্থিত সন্ত্রাসীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২৩৩০ ঘ.