২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুর নিখোঁজ হেলিকপ্টারের ১৪ আরোহীই নিহত

পেরুর দক্ষিণাঞ্চলে বিদেশি নাগরিকসহ নিখোঁজ হেলিকপ্টারের ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 07:18 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেরুর দক্ষিণাঞ্চলে বিদেশি নাগরিকসহ নিখোঁজ হেলিকপ্টারের ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। আমাজন অঞ্চলের মাদ্রে দে দিওস থেকে হেলিকপ্টারটি বিদেশি নাগরিকসহ বুধবার সন্ধ্যায় কুসকোর দিকে যাত্রা করে নিখোঁজ হয়। ১৪ জনকে বহনকারী হেলিকপ্টারটির অধিকাংশ যাত্রীই দক্ষিণ কোরিয়ার নাগরিক। এ ছাড়াও ডাচ, চেক, সুইডেন ও পেরুও নাগরিকেরাও ছিলেন। আকাশযানটি পরিচালনাকারী দুইজনই পেরুর নাগরিক। মামারোসা পর্বতের নিকটবর্তী অঞ্চলে সমুদ্রতীর থেকে ১৬ হাজার উঁচুতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কমান্ডার রাউল আয়েবার জানান, হেলিকপ্টারটির বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়। তিনি আরো বলেন, “আরোহীদের সবার মৃত্যু হয়েছে, কেননা সবকিছু পুড়ে গেছে এবং এদিক-সেদিক ছড়িয়ে পড়েছে।” পেরুর পুলিশ প্রধান জেনারেল রাউল সালাজার বলেন, বিস্ফোরণের ধাক্কায় হেলিকপ্টারের কোনো অংশ ২শ’ মিটার দূরে পর্যন্ত ছিটকে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। অবশ্য বৃষ্টি এবং তুষারপাতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরআগে, সম্ভাব্য দুর্ঘটনার বিষয়ে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, “কুসকো অঞ্চলের জঙ্গলে ওই হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে থাকতে পারে বলে আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। এর পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে অভিযান চালাচ্ছি।” পেরুর রাজধানী লিমা থেকে বিবিসির সংবাদদাতা মাত্তিয়া কাবিতজা জানিয়েছিলেন, হেলিকপ্টারটি উঁচু পার্বত্যাঞ্চলে নিখোঁজ হয়ে থাকতে পারে। ওগুলো মেঘে ঢাকা থাকে বলে সব সময় দেখতে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্রতিবছর হাজার হাজার পর্যটক কুসকো অঞ্চলে ১৫শ’ শতকের আশ্চর্যজনক ইনকা শহর মাচুপিচ্চু দেখতে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৬ ঘ.