বেনগাজি, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বেনগাজি শহরে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনের বাইরে বুধবার রাতে বোমা বিস্ফোরণ হয়েছে।
হামলায় মিশনের এক নিরাপত্তাকর্মী হামলায় সামান্য আহত হয়েছে বলে দেশটির অন্তর্বর্তী সরকারের এক মুখপাত্র জানান।
যুক্তরাষ্ট্র ও লিবিয়ার কর্মকর্তারা জানান, মিশনের পাশ দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় হঠাৎ করে সেটা থেকে বিস্ফোরক ডিভাইস মাটিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পর এটি বিস্ফোরিত হলে ভবনটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
কে বা কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল লিবির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ওয়াশিংটন।
বিস্ফোরণের পর এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেন, “বেনগাজিতে আমাদের মিশনে হামলার ঘটনার নিন্দা জানাচ্ছি।”
মার্কিন কার্যালয়গুলোর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে লিবিয়ার সরকারকে অনুরোধও জানান তিনি।
টোনার বলেন, এ ঘটনায় লিবিয়ার সরকার যে তদন্ত চালাচ্ছে তার ফলাফলের জন্য অপেক্ষা করছে ওয়াশিংটন। তবে লিবিকে হত্যার প্রতিশোধ হিসেবে এটা চালানো হয়েছে- এমন মনে করার কোনো কারণ নেই বলেও জানান তিনি।
এদিকে লিবিয়ার সাবেক জঙ্গি ও বর্তমানে জঙ্গি সংগঠন বিষয়ে বিশেষজ্ঞ নোমান বেনোতম্যান বলেন, “আমার মতে, আবু ইয়াহিয়ার সঙ্গে যা ঘটেছে তার জন্যই হয়ত এ হামলা চালানো হয়েছে। আল কায়েদার অনুগত বাহিনীরা হয়ত যুক্তরাষ্ট্রের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চায়। আর তা হলো- যথেষ্ট হয়েছে।”
মার্কিন কূটনৈতিক মিশনের আশেপাশের রাস্তা ঘিরে রাখা হয়েছে।
গত কয়েক মাস ধরে লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি বিদ্রোহীদের হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। তবে গাদ্দাফির পতনের পর লিবিয়ার মার্কিন কোনো কার্যালয়ে হামলার ঘটনা এটাই প্রথম।
গত ২২ মে শহরের রেডক্রস কার্যালয়ে রকেট প্রপেলড গ্রেনেড হামলা চালানো হয়। এতে অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এর এক মাস আগে লিবিয়ায় জাতিসংঘ মিশনের প্রধানকে বহনকারী গাড়ীকে লক্ষ করে একটি বোমা ছোঁড়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫৬ ঘ.
bdnews24