২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বুধবার কৃষিমন্ত্রী রিয়াদ হিজাবকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

বৈরুত, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বুধবার কৃষিমন্ত্রী রিয়াদ হিজাবকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে। সিরিয়ায় ১৫ মাস ধরে সরকার বিরোধী আন্দোলন চলার মধ্যেই আসাদ রাজনৈতিক ছাড়ের কোনো আভাস না দিয়ে বরং নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন। গত বছর থেকে রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসা আন্দোলনকর্মীরা হিজাবের এ পদোন্নতি প্রত্যাখ্যান করেছে। হিজাব প্রেসিডেন্ট আসাদের একান্ত অনুগত এবং ক্ষমতাসীন বাথ পার্টির প্রভাবশালী সদস্য। নতুন একটি সরকার গড়তে আসাদ তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করলেন। গত মাসে সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে বিদায়ী সরকারের কৃষিমন্ত্রী হিজাবকে নতুন প্রধানমন্ত্রী করা হল। সিরিয়া কর্তৃপক্ষ রাজনৈতিক সংস্কার পদক্ষেপের কথা বলে ওই পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠান করে। তবে বিরোধিরা তা লজ্জাস্কর বলে নাকচ করে দেয়। বিরোধীদের প্রত্যাশা ছিল প্রেসিডেন্ট আসাদ তার সংস্কারকাজে মানুষের আস্থা অর্জন করতে প্রধানমন্ত্রী পদে বাথ পার্টির সদস্য নয় এমন নিরপেক্ষ কাউকে নিয়োগ করবেন। কিন্তু তিনি এ পদে একজন কট্টর বাথ সদস্যকেই নিয়োগ করলেন। যার নেতৃত্বে নতুন সরকার আগের সরকারের মতোই হবে। আর মন্ত্রিসভাও হবে লোক দেখানো। সিরিয়ায় সরকারি এবং বিদ্রোহী বাহিনীর চলমান লড়াইবিক্ষুব্ধ পরিস্থিতির মাঝে হিজাবের প্রথম কাজই হবে সরকার গঠন করা। আন্দোলনকর্মীরা জানিয়েছে, সরকারি বাহিনী এখনো হেলিকপ্টার এবং ট্যাংক নিয়ে বিভিন্ন প্রদেশে বিদ্রোহী অবস্থান গুলোতে হামলা চালাচ্ছে। বুধবার লাটাকিয়ায় ২য় দিনের মতো হামলা চালিয়েছে সরকারি বাহিনী। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৩ঘ.