কেপক্যানাভেরাল, ফ্লোরিডা (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/রয়টার্স)- এক বিরল দৃশ্যের অবতারণা ঘটিয়ে মঙ্গলবার শুক্র গ্রহ সূর্যকে মুখ বরাবর অতিক্রম করেছে ।
আগামী একশ’পাঁচ বছরের মধ্যে এ ধরনের দৃশ্য আর দেখা যাবেনা।
একশ’ বছরেরও বেশি সময় পর পর সূর্যের সামনে দিয়ে শুক্র গ্রহের গমনের দৃশ্য পৃথিবী থেকে দেখা যায়। আট বছরের ব্যবধানে দুইবার এই অতিক্রমের ঘটনা ঘটে।
মঙ্গলবারের অতিক্রমণে ২০০৪ সালে প্রথম অতিক্রমণের আটবছর পর দ্বিতীয় অতিক্রমণ শেষ হলো।
এরপর ১০৫ বছর পর আবার সূর্যকে অতিক্রম করবে শুক্র গ্রহ, তার আট বছর পর আরও একবার। এভাবে শতবছর পর জোড়াগমনের মধ্য দিয়ে সূর্যকে অতিক্রম করে সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ শুক্র, পৃথিবীর বাসিন্দারা যা দেখতে পায়।
মঙ্গলবারের অতিক্রমণকালে সূর্যের সামনে শুক্রকে ছোট কালো একটি বিন্দুর মতো দেখাচ্ছিল। সূর্যের উত্তর গোলার্ধের সামনে দিয়ে এটি ধীরেধীরে চলে যাচ্ছিল। ছয়ঘণ্টা ৪০ মিনিট ধরে শুক্রের গমন দৃশ্য পৃথিবী থেকে দেখা যায়।
ইন্টারনেটে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কয়েক ডজন ওয়েবসাইট এই বিরল ঘটনাটি সরাসরি স¤প্রচার করে। জ্যোতির্বিজ্ঞানীসহ অনেকেই ইন্টারনেটে বিরল এই দৃশ্য উপভোগ করেন।
বাংলাদেশ সময় ভোর চারটা থেকে শুক্রের সূর্য অতিক্রম শুরুহয়। তবে বিশ্বের অনেক দেশেই ঘটনাটি দিনের বেলায় দেখা গেছে।
অ্যান্টার্কটিকাসহ সাতমহাদেশের আকাশপর্যবেক্ষকরা শুক্রের গমনের পুরো দৃশ্যই দেখতে পেরেছেন। পৃথিবীর কক্ষপথের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত মহাকাশচারীরাও এই বিরল দৃশ্য উপভোগ করেছেন।
শুক্রর সূর্য অতিক্রমকালে সুযোগ সন্ধানী বিজ্ঞানীরাও অনেকগুলো প্রয়োজনীয় গবেষণা সেরে নিয়েছেন। এর মধ্যে শুক্রের ভারী আবহমন্ডল ও জলবায়ুর গবেষণা ছিল প্রধান।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এবি/সিআর/১৪৪০ ঘ.
bdnews24