ওয়াশিংটন/পেশোয়ার, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আল কায়েদার দ্বিতীয় শীর্ষনেতা আবু ইয়াহিয়া আল লিবি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র সরকার মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
গত বছরের মে মাসে আল কায়েদার প্রতিষ্ঠাতা শীর্ষনেতা ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রের কমান্ডো হামলায় নিহত হন। এরপর লিবির হত্যাকা-ই মৌলবাদী ও সন্ত্রাসী এই সংগঠনটির ওপর সবচেয়ে বড় আঘাত।
আল কায়েদার হামলা পরিকল্পনাকারী লিবি এরআগে কয়েকবার যুক্তরাষ্ট্রের হামলা থেকে প্রাণে রক্ষা পান। কিন্তু সোমবার সকালে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অঞ্চলে গোপন আস্তানা লক্ষ করে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায়। এতে তিনি নিহত হন। ওই হামলায় লিবিসহ ১৫ জন নিহত হয় বলে জানা গেছে।
লিবির হত্যাকা-কে আল কায়েদার জন্য বিশাল আঘাত বলে বর্ণনা করে লিবির স্থলাভিষিক্ত করার মতো যোগ্য কাউকে খুঁজে পাওয়া সংগঠনটির জন্য কঠিন হবে বলে দাবি করেছে হোয়াইট হাউস।
লিবির প্রকৃত নাম মোহাম্মদ হাসান কাইদ। ২০০৫ সালে আফগানিস্তানে মার্কিন বাহিনী পরিচালিত একটি কারাগার থেকে তিনি পালিয়ে যান।
লিবির নিহত হওয়ার খবরে পাকিস্তানের তালেবান নেতা অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে জানান, “লিবি মিরালি এলাকায় ছিলেন। তার দলের অধিকাংশ কর্মী মিরালিতেই ছিলেন। প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর তারা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের জন্য বিধ্বস্ত বাড়িটিতে যান। আর এই সময়েই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। অপ্রত্যাশিতভাবে তিনি (লিবি) শাহাদৎ বরণ করেন। এটি একটি বিশাল ক্ষতি। তিনি একজন মহান ও মেধাবী ব্যক্তি ছিলেন। জাওয়াহিরির পর তিনিই আল কায়েদার মূল নেতা।”
মিরালি পাকিস্তানের পার্বত্যাঞ্চলীয় একটি শহর।
কোনো কেনো বিশ্লেষক মনে করছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্যকেন্দ্রে (টুইন টাওয়ার) হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের ক্রমাগত আক্রমণে দলটির ভবিষ্যৎই হুমকির মুখে পড়েছে।
বর্তমানে আয়মান আল জাওয়াহিরির নেতৃত্বাধীন আল কায়েদা ও তার সহযোগী সংগঠনগুলো গত এক বছরে সর্বত্রই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, বিশেষ করে ইয়েমেনে। তবে এরপরও সংগঠনটি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা স্থাপনায় হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ওই অঞ্চলটি তালেবান ও আল কায়েদার শক্ত ঘাঁটি বলে পরিচিত।
যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সরকারের সূত্র জানায়, এর আগে ড্রোন হামলা থেকে বেঁচে যাওয়া আল কায়দা নেতা আবু ইয়াহিয়া আল লিবিকে লক্ষ করেই সোমবার উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলা চালানো হয়।
লিবিয়ার জঙ্গি ইয়াহিয়াকে আল কায়েদার প্রচারিত ভিডিওচিত্রে প্রায়ই দেখা যেত।
পাকিস্তানের বিভিন্ন উৎেেস ক পাওয়া ত্য অনুযায়ী, শনি-সোমবার পর্যন্ত পাকিস্তানের সীমান্তবর্তী আদিবাসী এলাকায় তিন দফা ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে প্রায় ৩০ জন মারা গেছে।
যুক্তরাষ্ট্র অবশ্য এ তথ্য অস্বীকার করেনি।
গত ২১ মে শিকাগোতে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি যোগ দেওয়ার পর এ পর্যন্ত পাকিস্তানে আটবার ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯২০ ঘ.
bdnews24