বৈরুত, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় হউলা হত্যাযজ্ঞের কয়েকদিনের মধ্যে দেশের পূর্বাঞ্চলে নতুন করে আরো খুনের আলামত হিসাবে পেছনে হাত বাঁধা ১৩ টি লাশ পাওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘ পর্যবেক্ষকরা।
ঠান্ডা মাথায় তাদেরকে খুন করা হয়েছে। তাদের হাত পিছমোড়া করে বাঁধা ছিল এবং কয়েকজনকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যার লক্ষণ দেখা গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রধান পর্যবেক্ষক রবার্ট মুড।
দির আল জোর শহরের প্রায় ৫০ কিলোমিটার পূর্বে আশুকার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ওই ১৩ লাশ পাওয়া যায়।
সিরিয়ার আন্দোলনকর্মীরা বলছে, নিহতরা সেনাবাহিনীর পক্ষত্যাগী সদস্য। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী তাদেরকে হত্যা করেছে। তবে এ তথ্য নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
কিন্তু বুধবার পর্যবেক্ষকদের নতুন করে আরো খুনের ঘটনা উদঘাটনের এ খবরে বিশেষ দূত কফি আনানের শান্তি পরিকল্পনার আওতায় সিরিয়ায় রক্তক্ষয়ের অবসান এবং সরকার ও বিরোধী পক্ষকে আলোচনার টেবিলে বসানোর ক্ষেত্রে ব্যর্থতাই স্পষ্ট হয়ে উঠেছে।
পর্যবেক্ষণ মিশন থেকে ইস্যু করা বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় মানুষ হত্যার এমন ভয়াবহ কর্মকাণ্ডে জেনারেল মুড অত্যন্ত উদ্বিগ্ন। তিনি সিরিয়ায় সব পক্ষকেই সংযত াকা এবং দেশ ও জনগণের স্বার্ েসহিংসতার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।
সিরিয়ায় একের পর এক এমন নৃশংস হত্যাকাণ্ডে আন্তর্জাতিক ক্ষোভ বাড়তে থাকার মধ্যেও রাশিয়া বুধবার দামেস্কের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের নতুন পদক্ষেপে বাধ সাধার চেষ্টা নিয়েছে।
সিরিয়ার বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপের বিরেধিতা করছে রাশিয়া। এ ধরনের পদক্ষেপ নেওয়ার সময় এখনো হয়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৭ঘ.
bdnews24