২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ায় নৌ শক্তি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

এশিয়ায় নৌ শক্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 08:13 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ায় নৌ শক্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা। যুক্তরাষ্ট্রের নেভাল অ্যাকাডেমিতে মঙ্গলবার এক ভাষণে প্যানেট্টা বলেন, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চল ও ভারত মহাসাগরে নিরাপত্তা নিশ্চিতের ওপর যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করছে। আমেরিকা একটি নৌ শক্তি নির্ভর দেশ উল্লেখ করে তিনি বলেন, “এবং আমরা আমাদের শিকড়ে ফিরে যাচ্ছি।” একটি নিরাপত্তা সংলাপে যোগ দিতে ভারত, ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরে আসার আগেভাগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী একথা বললেন বলে বিবিসি জানায় । আনাপোলিসে নেভাল গ্রাজুয়েটদের উদ্দেশে দেওয়া ওই বক্তব্যে প্যানেট্টা বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলা উচিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্ম যেসব বিষয় মোকাবেলা করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রসীমায় যুক্তরাষ্ট্রের অবস্থান ধরে রাখা এবং তা বৃদ্ধি করা। এসময় চীনের সঙ্গে সামরিক সম্পর্কোন্নয়নের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন পেন্টাগন প্রধান। এ বছরই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রথমবারের মতো চীন সফর করবেন বলে জানান তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমাদের সতর্ক হতে হবে। আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে হবে।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে একই ধরনের কথা বলেছিলেন। প্রশান্ত মহাসাগরে শক্তি বৃদ্ধিই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে সবচেয়ে গুরুত্বে রয়েছে বলে জানান তিনি। ওবামা বলেন, “প্রশান্ত মহাসাগরে একটি শক্তি যুক্তরাষ্ট্র এবং আমরা এখানে থাকতে এসেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৪০০ ঘ.