২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের চিকিৎসায় সন্তান জন্ম দেয়ার ক্ষমতা হারাতে পারে নারী

ক্যান্সারের চিকিৎসার কারণে সন্তান জন্মদানের ক্ষমতা কমে যেতে পারে। তবে এ বিষয়টি পুরুষদের ঠিকমতো জানানো হলেও নারীদের তেমন জানানো হয়না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

স্টকহোম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যান্সারের চিকিৎসার কারণে সন্তান জন্মদানের ক্ষমতা কমে যেতে পারে। তবে এ বিষয়টি পুরুষদের ঠিকমতো জানানো হলেও নারীদের তেমন জানানো হয়না। সম্প্রতি সুইডেনে পরিচালিত এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ক্লিনিক্যাল অনকোলজি সাময়িকীতে। ১৮-৪৫ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত প্রায় ৫শ’ রোগীর ওপর এ গবেষণা চালানো হয়। এতে দেখা যায়, কেমোথেরাপির কারণে ভবিষ্যতে সন্তান জন্মদানের বিষয়টি প্রভাবিত হতে পারে বলে ৮০ শতাংশ পুরুষকে তাদের চিকিৎসকরা জানিয়েছে। এক্ষেত্রে নারীর সংখ্যা হলো মাত্র ৪৮ শতাংশ। অপরদিকে কেবলমাত্র ১৪ শতাংশ নারীকে সন্তান জন্মদানের ক্ষমতা ধরে রাখার পদ্ধতির বিষয়ে জানানো হলেও পুরুষের ক্ষেত্রে এ হার ছিলো ৬৮ শতাংশ। গবেষকরা জানান, পুরুষদের তুলনায় নারীদের সন্তান ধারণের ক্ষমতা ধরে রাখার পদ্ধতিটা তুলনামূলকভাবে জটিল এবং এ পদ্ধতিগুলো সহজলভ্য নয়- এটাই হয়ত এ পার্থক্যের কারণ। কেমোথেরাপির কিছু ওষুধ নারীদের ডিম্বানু বা পুরুষের স্বাভাবিক শুক্রানু জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট করতে পারে। স্তন, প্রোস্টেট ও অন্যান্য ক্যান্সারে হরমোনাল থেরাপির মতো প্রজনন অঙ্গের কাছে বা মস্তিষ্কে রেডিয়েশন থেরাপির কারণে সন্তান জন্মদানের ক্ষমতা ক্ষতিগ্রস্তও হতে পারে। স্টকহোমের ক্যারোলিনসক ইন্সটিটিউটের ঊর্ধ্বতন গবেষক ক্লডিয়া ল্যাম্পিক বলেন, “সন্তান জন্মদানের ক্ষমতা রক্ষা করা না হলেও রোগী বিশেষ করে নারীদেরকে সন্তান ধারণের ক্ষমতা কমে যাওয়ার ও নির্ধারিত সময়ের আগেই মেনোপজ হওয়ার ঝুঁকি সম্পর্কে জানানো উচিত।” ক্যান্সারের চিকিৎসার আগে পুরুষের শুক্রানুকে নিষ্ক্রিয় করে রাখা যায় যা তুলনামূলকভাবে দ্রুত হয় এবং প্রক্রিয়াটা সাধারণ ও তেমন ব্যয়বহুল নয়। আর নারীদের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো ভ্র“ণ সৃষ্টির জন্য ভাইট্রো ফার্টিলাইজেশন। নারীদের ডিম্বানু ও ওভারিয়ান টিস্যুকে নিষ্ক্রিয় করে রাখাও সম্ভব। তবে এটা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কতটা সফল হবে তা স্পষ্ট নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৫৬ ঘ.