কেপ কেনাভেরাল, মে ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভিড়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি নভো প্রতিষ্ঠান স্পেসএক্স এর রসদবাহী ড্রাগন ক্যাপসুল।
আইএসএস এর নভোচারীদের জন্য খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গেছে ড্রাগন। শুক্রবার স্টেশনে পৌঁছার পর নভোচারীরা এর ডালা খুলেছে।
এর মধ্যে রয়েছে খাবারসহ অন্যান্য জিনিসের ১২০০ পাউন্ড (৫৪৪ কেজি) রসদ।
দুর্ঘটনা এড়িয়ে গত সপ্তাহে সফলভাবে মহাকাশে মানুষবিহীন রকেট ফ্যালকন নাইন পাঠানোর পর শেষ পর্যন্ত আইএসএস এ রসদ পৌঁছাতে সক্ষম হল স্পেসএক্স।
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে ভোরে প্রথম যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তেই থেমে গিয়েছিল রকেট ফ্যালকন নাইন।
যান্ত্রিক ত্র“টির কারণে সে যাত্রায় ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার আবার একই জায়গা থেকে স্থানীয় সময় বিকাল পোনে চারটায় সফলভাবে উড়ে যায় রকেটটি।
উদ্দেশ্য ছিল নির্মাণাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ যোগানো। বেসরকারি কোনো সংস্থা থেকে এমন উদ্যোগ এটিই প্রথম।
১৭৮ ফুট (৫৪ মিটার) লম্বা রকেট ফ্যালকন নাইন এর মাথায় বসানো হয়েছিলো রসদভর্তি ড্রাগন ক্যাপসুলটি।
উৎক্ষেপণের কয়েক মিনিট পরই রকেটটি থেকে আলাদা হয়ে সোলার প্যানেল খুলে কক্ষপথে যাত্রা করে ড্রাগন।
মহাকাশ স্টেশনে পৌঁছতে লাগে কয়েকদিন। নভোচারীরা এখন রসদগুলো নিয়ে মাস শেষে ড্রাগনকে আবার পাঠিয়ে দেবে পৃথিবীতে।
ড্রাগন অভিযানের এ সফলতায় বেসরকারি কোম্পানি হিসাবে ক্যালিফোর্নিয়ার ‘স্পেসএক্স’ই প্রথম সফলভাবে আইএসএস পৌঁছানোর সুনাম কুড়াল।
এতাদিন ধরে যুক্তরাষ্ট্রের শাটল নভোযানগুলো এ দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু সেই পুরোনো নভোযানগুলোকে অবসরে পাঠিয়ে দেয়া হয়েছে। স্পেস শাটলও আর তৈরি হচ্ছে না। ফলে আইএসএস এর জন্য যুক্তরাষ্ট্রকে নির্ভর করতে হচ্ছে রুশ নভোযান সয়ুজের ওপরে।
এতে খরচও বেড়ে গেছে অনেক । আর সে কারণেই এগিয়ে এসেছে বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স।
আগামী কয়েক বছরের মধ্যে এ প্রতিষ্ঠানটি নভোচারী পাঠানোর মতো উপযুক্ত নভোযান তৈরি করবে বলে জানিয়েছে। ফলে মার্কিন মাহাকাশ সংস্থা নাসাও স্পেসএক্সকে নভোযান তৈরিতে সহায়তা করছে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮২২ঘ.
bdnews24