নয়া দিল্লি, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে প্রকাশ্যে ধূমপানের মামলায় অপরাধ স্বীকার করে জরিমানা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড তারকা শাহরুখ খান।
অতিরিক্ত প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার শুনানিতে শনিবার তার পক্ষে আইনজীবী ভি আর বাজবা হাজিরা দিয়ে এ বক্তব্য তুলে ধরেন।
৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস’র খেলা চলার সময় স্টেডিয়ামে ধূমপান করেন নাইট রাইডার্সের যুগ্ন-মালিক শাহরুখ।
এ অভিযোগে জয়পুর ক্রিকেট একাডেমি’র পরিচালক আনন্দ সিং এ বলিউড তারকার বিরূদ্ধে ৯ এপ্রিল মামলা দায়ের করেন। ২০০০ সাল থেকে রাজস্থানের আইনে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ।
আদালতে বাজবা বলেন, ওটা খুব ‘সামান্য বিষয়’ এবং তার মক্কেলকে এ মামলায় আদালতে হাজিরা থেকে অব্যাহতি দেওয়ারও আবেদন জানান তিনি। কিন্তু এ আবেদনের বিরোধিতা করেছে বাদিপক্ষ।
মামলার পরবর্তী শুনানি হবে ২১ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২০২৩ ঘ.
bdnews24