২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক আগামী মাসে

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কের অবসানে আগামী মাসে আবারো বৈঠকে বসতে রাজি হয়েছে ইরান ও ছয় বিশ্ব শক্তি। আগামী ১৮-১৯ জুন মস্কোতে তৃতীয় পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

বাগদাদ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কের অবসানে আগামী মাসে আবারো বৈঠকে বসতে রাজি হয়েছে ইরান ও ছয় বিশ্ব শক্তি। আগামী ১৮-১৯ জুন মস্কোতে তৃতীয় পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাগদাদে চলমান বৈঠকের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, “উভয় পক্ষই যে সাধারণ কিছু বিষয়ে অগ্রগতি চায় তা স্পষ্ট। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও পার্থক্য রয়েছে। “মস্কোতে আবারো বৈঠকের আয়োজন করতে ইরানের সঙ্গে যোগাযোগ করব আমরা।” এপ্রিল মাসে ইস্তাম্বুলে বৈঠকের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হলো বাগদাদে। অ্যাস্টন এ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। তেহরান পরমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে- এই অজুহাতে যুক্তরাষ্ট্র ও এর সহযোগী দেশগুলো ইরানের বিদ্যুৎ ও অর্থনৈতিক খাতে জোড়ালো নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর আগামী জুলাই মাসে ইরানের অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানান, আলোচনা অব্যাহত থাকলেও ইরানের ওপর আরোপিত কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এদিকে বিশ্বে তেল রপ্তানিকারক দেশ হিসেবে পঞ্চম স্থানে থাকা ইরান জানিয়েছে, নিজ দেশের ক্রমবর্ধমান জনগণের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও মেডিক্যাল রিসার্স রিঅ্যাকটরের জন্যই তারা কেবল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাজ চালাচ্ছে। ইরানের মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রয়েছে তাদের এবং এ কর্মকাণ্ড বন্ধের আগেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। আর পশ্চিমা দেশগুলোর মতে, নিষেধাজ্ঞা শিথিল করার আগেই ইরানের উচিত পরমাণু কর্মসূচি বন্ধ করা। ইরান ও ছয় পরাশক্তির নিজ নিজ অবস্থানই হলো মূলত বিতর্কের মূল কারণ। ইসরায়েল ইরানে বোমা হামলার হুমকি দেওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের যে আশঙ্কা দেখা দিয়েছে তা দূর করতে চায় বৈঠকে অংশ নেওয়া ছয় বিশ্ব শক্তি- ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। আর তেহরান চায় তাদের তেল রপ্তানির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫৩৭ ঘ.