জেনেভা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকার ও বিদ্রোহী বাহিনী দুইপক্ষই ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলে জানিয়েছে জাতিসংঘের এক তদন্ত কমিশন।
বৃহস্পতিবার কমিশন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, একদিকে সরকারি বাহিনী বিরোধীদের বাড়িতে হানা দিয়ে পরিবারের সব সদস্যকে হত্যা করছে, অপরদিকে বিদ্রোহীরা সরকার সমর্থক ও সেনাদের নির্যাতন ও হত্যা করে চলছে।
এতে আরো বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী অভ্যুত্থানের ১৪ মাসজুড়েই সরকারি বাহিনী নিয়মিতভাবে শহরতলী বা গ্রাম অবরুদ্ধ করে তালিকা ধরে ধরে লোকজনদের তুলে নিয়ে গেছে।
“সরকারবিরোধী কারো কারো বাড়ির ভিতরেই পরিবারের সব সদস্যকে হত্যা করা হয়েছে। কর্নেল রিয়াদ আল আসাদের পরিবার এমন একটি পরিবার,” প্রতিবেদনে বলা হয়।
কর্নেল রিয়াদ আল আসাদ বিদ্রোহী বাহিনী ‘দ্য ফ্রি সিরিয়ান আর্মি’র প্রধান।
অপরদিকে, দ্রুত সুসংহত ও অস্ত্র সজ্জিত হয়ে ওঠা বিদ্রোহীরাও আটক সরকারি সেনা ও সরকার সমর্থকদের ধরে নির্যাতন করে হত্যা করেছে।
জাতিসংঘ মানবাধিকার পরিষদ নিয়োজিত সিরিয়া বিষয়ক নিরপেক্ষ তদন্ত কমিশনের সর্বসা¤প্রতিক এ প্রতিবেদনে মার্চ, এপ্রিল এবং মে মাসেরও কিছুদিনের মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে এসেছে।
এতে দেখা গেছে, সিরিয়ার সরকারি এবং বিদ্রোহী বাহিনী দুপক্ষই নির্যাতন এবং সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড কার্যকরের মতো মানবাধিকার লঙ্ঘন করেছে।
তাছাড়া, বন্দিদের মুক্ত করার জন্য সিরিয়ার বিদ্রোহী বাহিনীর হাতে সাধারণ নাগরিক অপহরণের ঘটনাও ঘটেছে।
জাতিসংঘের এই তদন্ত দলকে সিরিয়ায় কাজ করার অনুমতি দেয়নি দেশটির সরকার। তাই নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে জাতিসংঘের উদ্যোগে সিরিয়ায় যুদ্ধবিরতি চললেও সহিংসতা বন্ধ হয়নি। বৃহস্পতিবারও বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকারীরা।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস’ জানিয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে চারজনকে হত্যা করেছে সরকারি বাহিনী। এছাড়া, উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে সংঘর্ষ চলাকালে তাদের হাতে আরো চারজন নিহত হয়েছেন।
হামা থেকে দুইদিন আগে নিখোঁজ হওয়া এক নারী ও তার চার সন্তানকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে সংগঠনটি।
সশস্ত্র সরকার বিরোধীদের সঙ্গে সংঘর্ষে দামেস্ক, দির আল যর, হমস ও ইদলিবে ছয় সরকারি সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা।
পূর্ববর্তী আর একটি প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, গত ১৪ মাসের সরকার বিরোধী গণজাগরণ নির্মূলের লক্ষ্যে চালানো দমন-পীড়নে সরকারি বাহিনী ৯ হাজরেরও বেশি মানুষকে হত্যা করেছে। আর আসাদ সরকার দাবি করেছে, ওই সময়ে ‘বিদেশি সমর্থনপুষ্ট’ বিদ্রোহীদের হাতে ২ হাজার ৬শ’ সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১৬ ঘ.
bdnews24