হ্যানয়, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিয়েতনামে বাস নদীতে পড়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শুক্রবার এ খবর জানিয়েছে দেশটির সরকার পরিচালিত ভিএনএক্সপ্রেস নিউজ ওয়েবসাইট।
স্থানীয় ডাকলাক প্রদেশের ডেপুটি চেয়ারম্যান ডিন ভ্যান খিয়েটের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বৃহস্পতিবার রাতে মধ্য ভিয়েতনামের পাহাড়ি অঞ্চলে সেরেপোক নদীতে এ দুর্ঘটনা ঘটে। ডাকলাক ও ডাক নঙ প্রদেশকে সংযোগকারী সেরেপোক নদীর ওপর সেতু দিয়ে পার হওয়ার সময় বাসটি নদীতে পড়ে যায়।
“বাসটির ডুবে যাওয়া সামনের অংশটি দুমড়ে মুচড়ে গেছে। এতে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে,” জানান খিয়েট।
৩৪ জন নিহত এবং প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
বাসটি মধ্যাঞ্চলীয় বুয়ন মা থুয়ট শহর থেকে দক্ষিণাঞ্চলীয় হো চি মিন সিটিতে যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১২১৬ ঘ.
bdnews24