২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে নতুন নির্বাচন ১৭ জুন

গ্রিস নতুন নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে ১৭ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

এথেন্স, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিস নতুন নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে ১৭ জুন। রাজনৈতিক দলের নেতারা বুধবার প্রেসিডেন্ট কারোলোস পাপৌলিয়াসের সঙ্গে বৈঠকের পর নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য একজন বিচারক নিয়োগ করেছেন প্রেসিডেন্ট। বিবিসি জানিয়েছে, কাউন্সিল অব স্টেট প্রেসিডেন্ট পানাগিওতিস পিক্রামেনোস তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করবেন। দেশটিতে রাজনীতিবিদদের সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নতুন করে আরেকটি নির্বাচন ডাকতে বাধ্য হন নেতারা। গ্রিসে সদ্য হয়ে যাওয়া পার্লামেন্ট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে রাজনৈতিক নেতাদের গত কয়েকদিনের আলোচনা কোনো ফল বয়ে আনেনি। মঙ্গলবার সকালের অন্তিম আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর গ্রিসের প্রেসিডেন্ট কারোলোস পাপৌলিয়াসের মুখপাত্র বলেন, “আপোসরফার যে চেষ্টা চলছিল তা ব্যর্থ হয়েছে। এখন নতুন করে ভোট হতে হবে।” গ্রিসের পার্লামেন্ট নির্বাচনে জনগণ ইইউ/আইএমএফ এর বেইলআউট তহবিল এবং এর বিনিময়ে সরকারের কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপের বিরুদ্ধে রায় দেওয়ায় মূলধারার রাজনৈতিক দলগুলো খারাপ ফল করে। ভালো ফল করে ব্যয়সঙ্কোচন বিরোধী বাম দলগুলো। ফলে সরকার গঠন নিয়ে ব্যয়সঙ্কোচন বিরোধীদের সঙ্গে বনিবনায় আসতে পারেনি এ পদক্ষেপের পক্ষপাতি দলগুলো। এতে করে গ্রিস দেউলিয়া হয়ে পড়া এবং ইউরোজোন থেকে বাদ পড়ার আশঙ্কা দেখা দেয়। এ আশঙ্কার মুখে গ্রিকরা ব্যাংক থেকে ইউরো তুলে নিচ্ছে বলে জানানো হয়েছে রয়টার্সের খবরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/২০০৯ঘ.