২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৩২

সিরিয়ার রাস্তান শহরে বিদ্রোহীরা সেনাবাহিনীর ২৩ সদস্যকে হত্যা করেছে সোমবার। বিপরীতে সেনারাও ৯ বিদ্রোহীকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 08:26 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

আম্মান, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাস্তান শহরে বিদ্রোহীরা সেনাবাহিনীর ২৩ সদস্যকে হত্যা করেছে সোমবার। বিপরীতে সেনারাও ৯ বিদ্রোহীকে হত্যা করেছে। দেশটির সরকার বিরোধী আন্দোলনকারীরা এ দাবি করেছে। তবে, সেনাবাহিনী বা সরকারে পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি পাওয়া যায়নি। রাস্তান শহরটি দামেস্ক থেকে ১৮০ কিলোমিটার উত্তরে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনে গত ১৪ মাসে শহরটি বিভিন্ন সময়ে সরকারি ও বিদ্রোহী বাহিনীর দখলে ছিল। সরকার বিরোধী আন্দোলনকারীরা জানিয়েছেন, সোমবার ভোরে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সরকারি বাহিনীর ২৩ সেনা নিহত হয়। ঘটনার জের ধরে রাস্তান শহরের ওপর প্রচণ্ড গোলাবর্ষণ করে সরকারি বাহিনী। “রাত ৩ টা থেকে প্রতি মিনিটে একটি গোলা বা রকেট শহরের ওপর এসে পড়ছে, তারা রাস্তানকে ধ্বংস করে ফেলছে,” স্যাটেলাইট ফোনে রাস্তান থেকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার বিদ্রোহী বাহিনী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র এক সদস্য। সংঘর্ষে নিহতদের মধ্যে ‘ফ্রি সিরিয়ান আর্মি’র কমান্ডার আহমেদ আইয়ুবও আছেন বলে জানান তিনি। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীরা সরকারি বাহিনীর তিনটি সাঁজোয় যান ধ্বংস ও দুইটি আটক করেছে। এ সময় ১৫ জন সেনা বিদ্রোহীদের হাতে বন্দি হয়েছে। এদিকে, সিরিয়ার সরকারি বার্তা সংস্থা এসএএনএ জানিয়েছে, তেলসমৃদ্ধ দির আল জরের স্থানীয় জনপ্রিয় নেতা আব্দেল আজিজ আল হাফলকে সোমবার তার এক ছেলেসহ গুলি করে হত্যা করা হয়েছে। সরকার বিরোধীরা জানিয়েছেন, স¤প্রতি পূর্বাঞ্চলীয় প্রদেশ দির আল জর থেকে হাফলসহ ১৭ জন আসাদ সমর্থকে অপহরণ করা হয়েছিল। হাফলের গোত্রের এক সদস্য জানিয়েছেন, সরকারি গোয়েন্দা পুলিশের সঙ্গে সহযোগিতা না করার জন্য বিদ্রোহীরা হাফলকে কয়েকবার সতর্ক করেছিল। সিরিয়ার এসব সংঘর্ষ ও হত্যাকাণ্ডের সংবাদ কোনো নিরপেক্ষ সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। কারণ গণঅভূত্থান শুরু হওয়ার পর থেকে দেশটিতে গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এসব সংঘর্ষ ও হত্যাকাণ্ডের কারণে গত এক মাস ধরে চলা সিরিয়ার যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ হয়ে আছে। সহিংসতা বন্ধে ১২ এপ্রিল থেকে জাতিসংঘের উদ্যেগে এই যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে প্রায় ১৫০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এখন সিরিয়ায় অবস্থান করছেন। জাতিসংঘের হিসাবমতে গত ১৪ মাস ধরে চলা সহিংসতায় সিরিয়াজুড়ে ৯ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৪২২ ঘ.