নিউইয়র্ক, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিমানে বোমা বহন করতে অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে আল-কায়েদা।
কৌশলটি বের করেছেন আল কায়েদার উদ্ভাবনী শক্তিধর বোমা প্রস্তুতকারী ইব্রাহিম আল-আসিরি।
ক্যামেরা, কম্পিউটার, প্রিন্টারের কার্টিজ, এমনকি পোষা প্রাণীর মধ্যে করে বোমা বহনের কৌশল বের করেছেন তিনি।
২০০৯ সালের বড়দিনে ডেট্রয়েটগামী বিমানে বোমা হামলা প্রচেষ্টায় যে অন্তর্বাস বোমা বিমানবন্দরের কড়া নিরাপত্তা পেরিয়ে গিয়েছিল সেটিসহ ২০১০ সালে কার্গো বিমান হামলার উদ্দেশে তৈরি বোমারও কারিগর ৩০ বছর বয়সী সৌদি আরবের এই নাগরিক।
আর এখন আরো অভিনব কৌশলে বোমা লুকিয়ে বহনের পদ্ধতি বের করে আসিরি রীতিমত সন্ত্রাসের রাজ্যে যুক্তরাষ্ট্রের জন্য ত্রাস হয়ে উঠেছেন।
মার্কিন কর্তৃপক্ষ এবিসি নিউজকে জানিয়েছে, বিমানে বহনের জন্য আল-আসিরি নতুন কৌশলে যে বোমা তৈরি করেছেন তা অপারেশন করে সন্ত্রাসী এমনকি পোষা প্রাণীর দেহে লুকিয়ে রাখা সম্ভব।
এছাড়া, ক্যামেরা ও এক্সটার্নাল হার্ড ড্রাইভেও তা লুকিয়ে রাখা যায়। এরপর একটি ল্যাপটপ কম্পিউটারে ক্যামেরা বা হার্ড ড্রাইভটির সংযোগ দেওয়া হলে এটির বিস্ফোরণ ঘটেবে।
আরব উপকূলে আল কায়েদার জন্য বোমা প্রস্তুত করতে আসিরিই প্রধান নির্দেশক বলে ধারণা করা হয়।
বিমানবন্দরের কড়া নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য প্রতিনিয়তই এসব কৌশল বের করে যাচ্ছেন তিনি।
আল-আসিরি রসায়নের ছাত্র ছিলেন। তার এক ভাইয়ের মৃত্যুর পর তিনি এমন উগ্র হয়ে যান বলে জানিয়েছেন তার বাবা-মা।
তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মূল্যবোধের ঘোর-বিরোধী এবং ওসামা বিন লাদেনের একান্ত অনুসারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৭ঘ.
bdnews24