২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সহিংসতার মধ্যেই পার্লামেন্ট নির্বাচন

সিরিয়ায় চলমান সহিংসতার মধ্যেই সোমবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে এ নির্বাচনকে মাইলফলক বলে দাবি করেছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 11:04 AM

Updated : 25 Apr 2022, 09:18 PM

সিরিয়ায় চলমান সহিংসতার মধ্যেই সোমবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে এ নির্বাচনকে মাইলফলক বলে দাবি করেছে সরকার।

ভোট শুরুর আগেদেশটির পূর্বাঞ্চলে সহিংসতার ঘটনা ঘটে। পূর্বাঞ্চলীয় দির আল যর প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর লড়াই হয়েছে।

তাছাড়া, আসাদ বাহিনীর হামলায় দেশের বিভিন্ন এলাকায় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন সরকার বিরোধী আন্দোলনকারীরা। তারা। এদের মধ্যে বাড়ি বাড়ি তল্লাশির সময় দামেস্কে গুলিতে নিহত এক তরুণ রয়েছেন।

সিরিয়ার সহিংসতা বন্ধে গত ১২ এপ্রিল থেকে জাতিসংঘের উদ্যেগে সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চলছে। কিন্তু প্রায় এক মাস ধরে যুদ্ধবিরতি শুরু হলেও সহিংসতা বন্ধ হয়নি।

যুদ্ধবিরতি তদারক করতে জাতিসংঘের বেশ কয়েকজন পর্যবেক্ষক সিরিয়ায় আছেন। কিন্তু হামলা-পাল্টা হামলা এবং অভিযোগ- পাল্টা অভিযোগে দিন দিন তাদের কাজ জটিল হয়ে পড়ছে।

এর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন।

সরকারের দাবি, বিরোধীদের দাবী অনুযায়ী, সংবিধান সংশোধন করা হয়েছে। সংশোধিত সংবিধানে আসাদের বাথ পার্টির শাসনে প্রথমবারের মতো বিরোধীদল গঠনের সুযোগ রাখা হয়েছে। আর রাজনৈতিক সংস্কারের ধাপ হিসেবেই পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিরোধী দলগুলোর বেশিরভাগ নেতা সরকার বিরোধী আন্দোলনের কারণে হয় গ্রেপ্তার হয়েছেন কিংবা সরকারের দমননীতির কারণে দেশ ছেড়েছেন। তারা সবাই পার্লামেন্ট নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন। তাদের বক্তব্য, সংবিধান সংস্কারের যে দাবি সরকার করছে সে অনুযায়ী কিছুই পরিবর্তন হয়নি।

সিরিয়ার বর্তমান পার্লামেন্ট সদস্যদের মধ্যে কোনো বিরোধীদলীয় সদস্য নেই। দেশটির রাষ্ট্রিয় গণমাধ্যম জানিয়েছে, সোমবারের নির্বাচনের পরও পার্লামেন্টের অর্ধেক সংখ্যক আসন “শ্রমিক ও কৃষক প্রতিনিধিদের” জন্য বরাদ্দ থাকবে।

সিরিয়ার শ্রমিক ও কৃষকদের ইউনিয়নগুলো প্রেসিডেন্ট আসাদের বার্থ পার্টিই নিয়ন্ত্রণ করে।