মাখাচকালা, রাশিয়া, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার উত্তর ককেশীয় এলাকা দাগেস্তানে পুলিশের একটি তল্লাসি চৌকিতে দুই দফা আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে দাগেস্তানের রাজধানী মাখাচকালার উপকণ্ঠে এ হামলা হয়।
এক যুগ আগে এ অঞ্চলে চেচেন বিদ্রোহীদের দমনে সেনাবাহিনী নিয়োজিত করেছিলেন প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। সেই পুতিন তৃতীয় মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাত্র তিন দিন আগে দাগেস্তানে এ হামলা হলো। ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দমনে ওই ব্যবস্থা নিয়েছিলেন পুতিন।
রাশিয়ার জাতীয় সন্ত্রাস দমন কমিটির এক বিবৃতিতে বলা হয়, কাগজপত্র পরীক্ষার জন্য পুলিশ একটি গাড়ি থামালে প্রথম হামলাটি হয়। হতাহতদের উদ্ধারে দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণে দমকল বাহিনীর গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।
“বিস্ফোরণের পর গাড়িটির চাকাগুলো ছাড়া আর কিছুই ছিল না,” বলেন তিনি।
স্থানীয় কর্মকর্তারা জানান, আহত ৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানান, নিহত একজন পুরুষ ও একজন নারীর দেহাবশেষ পাওয়া গেছে। তারা দুজনই এ আত্মঘাতি হামলা চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১৫৩১ ঘ.
bdnews24