২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্টে সুচির ঐতিহাসিক অভিষেক

নির্বাচনে বিপুল বিজয়ের এক মাসের মাথায় মিয়ানমারের পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচি। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

নেপিতো, মিয়ানমার, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনে বিপুল বিজয়ের এক মাসের মাথায় মিয়ানমারের পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচি। বুধবার সুচির সঙ্গে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমক্র্যাসির (এনএলডি) আরো ৩৩ জন সদস্য পশথ গ্রহণ করেন। গত মাসে উপনির্বাচনে মোট ৪৪টি আসনে জয় পায় এনএলডি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সুচির ঐতিহাসিক এই অভিষেকের মধ্য দিয়ে মিয়ানমারের রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হলো। উপনির্বাচনে বিজয়ের পর শপথ বাক্যে ব্যবহৃত শব্দে আপত্তি জানিয়ে শপথ নিতে করতে অস্বীকৃতি জানিয়েছিলেন সুচি ও তার দল। কিন্তু মিয়ানমার সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুন এর মধ্যস্থতায় সোমবার শপথ গ্রহণে রাজি হন তারা। ৪৯ বছর ধরে সামরিক শাসনে থাকা মিয়ানমারে বিশ্ব নেতৃবৃন্দের চাপের মুখে ২০১০ সালে রাজনৈতিক সংস্কার শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাজবন্দীদের মুক্তিসহ সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়। পার্লামেন্টের খালি আসগুলোতে গত মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথমবারের মতো অংশ নেন শান্তিতে নোবেল জয়ী অং সাং সুচি। বুধবার সকালে সুচি পার্লামেন্টের উদ্দেশ্যে হেঁটে যাওয়ার সময় সাংবাদিকরা জানতে চান- তার শপথের এই দিনটিকে তিনি মিয়ানমারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন কি না। জবাবে সুচির ছোট্ট উত্তর- একমাত্র সময়ই এ প্রশ্নের উত্তর দিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১১৩২ ঘ.