ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার সাবেক তেলমন্ত্রী শুকরি গানিম পানিতে ডুবে মারা গেছেন। একথাই বলা হয়েছে অস্ট্রিয়ার প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে।
গাদ্দাফিবিরোধী গণঅভ্যুত্থানের সময় সরকার পক্ষত্যাগী লিবীয় এ নেতার মৃতদেহ সোমবার অস্ট্রিয়ার দানিয়ুব নদী থেকে উদ্ধার করা হয়।
ভিয়েনার একটি জনপ্রিয় বিনোদন এলাকার কাছে একটি সেতুর নিচে গানিমের মৃতদেহ পাওয়া যায়।
বিবিসি জানায়, ময়নাতদন্তের পর পুলিশের মুখপাত্র রোলান্ড হাসলিঙ্গার জানান, তার মৃত্যুর ব্যাপারে বাইরের কারো হস্তক্ষেপের ইঙ্গিত বা আত্মহত্যার কোন লক্ষণ পাওয়া যায়নি।
গানিমের দেহে নির্যাতনেরও কোন চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
হাসলিঙ্গারের মতে, তার মৃত্যু সম্ভবত একটি দুর্ঘটনা এবং তিনি আরো জানান, শনিবার বিকালে গানিম তার মেয়েকে বলেছিলেন যে তার ভাল লাগছে না। সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
হাসলিঙ্গার আরো জানান, কোন আত্মহত্যার নোট এবং তাকে হুমকি দেওয়া হয়েছে এমন কোন প্রমাণও পাওয়া যায়নি।
এছাড়া, তার দেহে বিষক্রিয়া ঘটেছিল কিনা কয়েক দিনের মধ্যে তার রিপোর্ট পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
ময়নাতদন্তের আগে পুলিশ জানায়, লাশটি উদ্ধারের সময় গানিমের শরীরে পোষাক থাকলেও কোনো পরিচয়পত্র ছিল না।
তবে পকেটের একটি কাগজে যে কোম্পানিতে তিনি কাজ করতেন তার নাম উল্লেখ ছিল। ওই কোম্পানির এক সহকর্মী তার পরিচয় সনাক্ত করেন।
গত বছর লিবিয়ার ক্ষমতাচ্যুত ও নিহত শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গড়ে ওঠা গণঅভ্যুত্থান প্রবল হয়ে উঠলে গানিম গাদ্দাফির পক্ষ ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান।
লিবিয়ার ওই সময়ের পরিস্থিতিকে “অসহনীয়” বলে মন্তব্য করে তিনি গণঅভ্যুত্থান দমনে রক্তপাতের সমালোচনা করেন। এ সমালোচনা করে নিজের জীবন বিপন্ন করে তুলেছিলেন তিনি।
৬৯ বছর বয়সী ঘানেম ভিয়েনাভিত্তিক একটি কোম্পানিতে পরামর্শক হিসেবে নিযুক্ত ছিলেন। রোববার ভোরে তিনি তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যান বলে পুলিশ জানায়।
২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি লিবিয়ার প্রধানমন্ত্রী ও ২০১১ সাল পর্যন্ত তেলমন্ত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২১ঘ.
bdnews24