ভিয়েনা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গাদ্দাফিবিরোধী গণঅভ্যুত্থানের সময় পক্ষত্যাগকারী লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও তেলমন্ত্রী শুকরি গানিমের মৃতদেহ অস্ট্রিয়ার দানিয়ুব নদী থেকে উদ্ধার করা হয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মধ্যদিয়ে প্রবাহিত দানিয়ুব নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে অস্ট্রিয়ান পুলিশ।
ভিয়েনার একটি জনপ্রিয় বিনোদন এলাকার নিকটবর্তী একটি সেতুর নিচে ঘানেমের মৃতদেহটি পাওয়া যায় বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
ভিয়েনা পুলিশের মুখপাত্র রোমান হাশ্লিঙ্গার জানিয়েছেন, লাশটি উদ্ধারের সময় ঘানিমের শরীরে পোষাক থাকলেও কোনো পরিচয়পত্র ছিল না। তবে পকেটের একটি কাগজে যে কোম্পানিতে তিনি কাজ করতেন তার নাম উল্লেখ ছিল। ওই কোম্পানির এক সহকর্মী তার পরিচয় সনাক্ত করেন।
তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও হাশ্লিঙ্গার অনুমান করেন, গাানিম হয়তো অসুস্থ হয়ে নদীতে পড়ে যান যাতে তার মৃত্যু হয়। কারণ কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এমন কোনো ইঙ্গিত ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি।
গত বছর লিবিয়ার ক্ষমতাচ্যুত ও নিহত শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গড়ে ওঠা গণঅভ্যুত্থান প্রবল হয়ে উঠলে ঘানেম গাদ্দাফির পক্ষ ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান।
লিবিয়ার ওই সময়ের পরিস্থিতিকে “অসহনীয়” বলে মন্তব্য করে তিনি গণঅভ্যুত্থান দমনে রক্তপাতের সমালোচনা করেন। এ সমালোচনার মাধ্যমে নিজের জীবন বিপন্ন করে তুলেছিলেন তিনি।
৬৯ বছর বয়সী ঘানেম ভিয়েনাভিত্তিক একটি কোম্পানিতে পরামর্শক হিসেবে নিযুক্ত ছিলেন। রোববার ভোরে তিনি তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যান বলে পুলিশ জানায়।
২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি লিবিয়ার প্রধানমন্ত্রী ও ২০১১ সাল পর্যন্ত তেলমন্ত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৪৪ ঘ.
bdnews24