এডেন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনের আল কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠী রোববার অন্তত ৭৩ জন ইয়েমেনি সেনাকে মুক্তি দিয়েছে। গত মাসে গুরুত্বপূর্ণ একটি অভিযানের সময় জঙ্গিদের হাতে আটকা পড়ে এ সেনারা।
ধর্মীয় চিন্তাবিদ ও আদিবাসী নেতাদের মধ্যস্থতায় তারা মুক্তি পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের জার শহরের বাসিন্দারা একটি স্কুল ভবন থেকে সেনাদের বের করে আনতে দেখেছেন।
আনসার আল-শরিয়া নামের একটি জঙ্গি সংগঠন জার শহরটি নিয়ন্ত্রণ করছে এবং বন্দি সেনাদের ওই স্কুল ভবনটিতে রাখা হয়েছিল।
এক বিবৃতিতে জঙ্গি গ্র“পটি জানায়, আদিবাসী নেতা ও ধর্মীয় চিন্তাবিদদের সঙ্গে আলোচনার পর আল কায়েদার ইয়েমেনি শাখার নেতা নাসের আল-উহাইশি সেনাদের মুক্তি দেয়ার অনুমতি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৩ঘ.
bdnews24