২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের তত্বাবধানে চীনা মানবাধিকারকর্মী গুয়াংচেং

চীনে গৃহবন্দীত্ব থেকে পালানো বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং যুক্তরাষ্ট্রের তত্বাবধানে আছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার গ্র“প একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

বেইজিং, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে গৃহবন্দীত্ব থেকে পালানো বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং যুক্তরাষ্ট্রের তত্বাবধানে আছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার গ্র“প একথা জানিয়েছে। তবে গুয়াংচেং পালিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন কিনা তা নিশ্চিত করে জানায়নি যুক্তরাষ্ট্র। চীনও গুয়াংচেং এর পালিয়ে যাওয়া নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে টেক্সাস-ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী চায়না-এইড জানায়, তারা চেন গুয়াংচেং এর ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানতে পেরেছে যে, তিনি যুক্তরাষ্ট্রের তত্বাবধানে আছেন এবং যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তাদের মধ্যে বর্তমানে তাকে নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ধর্মীয় ও রাজনৈতিক অধিকার বিষয়ক গোষ্ঠীর প্রেসিডেন্ট বব ফু বলেন, গুয়াংচেং এর ব্যাপক জনপ্রিয়তা এবং সুপরিচিতির কারণে ওবামা প্রশাসনকে তার পাশে দাঁড়াতেই হবে। নয়ত মুক্তি ও আইনের শাসনের রক্ষকের ভূমিকায় গণমানুষের আস্থা হারানোর ঝুঁকিতে পড়বে ওয়াশিংটন। ফেব্র“য়ারিতে চীনা কর্মকর্তা ওয়াং লি জুন ২৪ ঘন্টার কিছু বেশি সময়ের জন্য পালিয়ে মার্কিন কনস্যুলেটে আশ্রয় নেওয়ার প্রায় তিনমাস পর গুয়াংচেং এর গৃহবন্দীত্ব থেকে পালানোর এ ঘটনা ঘটল। চীনা কর্মকর্তার মার্কিন কনস্যুলেটে আশ্রয়ের ঘটনার জেরে অপসারিত হন চীনের শীর্ষ রাজনীতিবিদ বো জিলাই। আর এবার গুয়াংচেং এর যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকার ঘটনাটি নিশ্চিত হলে চীনের জন্য তা হবে আরেক বিব্রতকর ঘটনা। বেইজিং এর এক আইনজীবী ও মানবাধিকার পরামর্শক বলেছেন, গুয়াংচেং মার্কিন দূতাবাস গ্রাউন্ডে আশ্রয় নিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছেন তিনি। গত রোববার শানডং প্রদেশের ডংশিগু শহরে নিজ বাড়ি থেকে পালিয়ে যান দৃষ্টিশক্তিহীন চেন গুয়াংচেং। পরে ইউটিউবে পাঠানো এক ভিডিওচিত্রে এ খবর জানান তিনি। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের কাছে গৃহবন্দি থাকা অবস্থায় নিজ পরিবারের সদস্যদের নির্যাতিত হওয়ার ঘটনার তদন্ত করারও দাবি জানান গুয়াংচেং। ২০১০ সালের সেপ্টেম্বরে জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১২১৭ঘ.