জেদ্দা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবিক কারণে নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পরিবারকে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব।
শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)’র এক প্রতিবেদনে একথা বলা হয়।
২০১১ সালের ২মে আল কায়েদার প্রতিষ্ঠাতা শীর্ষ নেতা বিন লাদেন পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদের একটি গোপন আস্তানায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন। তখন থেকে তার পরিবারের সদস্যরা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হেফাজতে অন্তরীণ ছিল।
আদালতের নির্দেশে চলতি সপ্তাহে পাকিস্তান তাদের বহিষ্কার করে। তাদের ইচ্ছানুযায়ী তাদেরকে সৌদি আরব পাঠিয়ে দেওয়া হয়। নিহত বিন লাদেন সৌদি নাগরিক ছিলেন।
বৃহস্পতিবার লাদেন পরিবারের সদস্যরা সৌদি আরবের জেদ্দায় পৌঁছেন বলে এক কর্মকর্তার উদ্ধৃিত দিয়ে জানিয়েছে এসপিএ।
ওই কর্মকর্তা আরো জানান, সৌদি আরবের লাদেন পরিবারের অনুরোধে ওসামা বিন লাদেনের পরিবারকে সে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
ওসামা বিন লাদেনের মূল পরিবার সৌদি আরবে তাদের পারিবারিক পদবী অনুযায়ী লাদেন পরিবার নামে পরিচিত। লাদেন পরিবার সৌদি আরবের এক প্রভাবশালী ধনাঢ্য পরিবার।
এসপিএ’র প্রতিবেদনে বলা হয়, “মানবাধিকার, আইনী ও প্রশাসনিক ভিত্তিতে সৌদি আরব ওসামা বিন লাদেন পরিবারের বিষয়টি বিবেচনা করেছে”।
বিন লাদেনের পরিবারের কতজন সদস্য সৌদি আরবে পৌঁছেছেন সে বিষয়ে কিছু জানায়নি সৌদি গণমাধ্যম। তবে এর আগে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দলটিতে বিন লাদেনের বিধবা তিন স্ত্রী, সাত ছেলেমেয়ে এবং চার নাতিনাতনি ছিলো।
বিন লাদেনের তিন স্ত্রী’কে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশের দায়ে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছিল পাকিস্তানের একটি আদালত। ২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের গ্রেপ্তারের দিন থেকে সাজার মেয়াদ শুরু হয়।
এ মেয়াদ শেষে তাদেরকে পাকিস্তান থেকে বহিষ্কারের আদেশ দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১১১০ঘ.
bdnews24