বেইজিং, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং গৃহবন্দীত্ব থেকে পালিয়েছেন। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের উদ্দেশ্যেও একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, শানডং প্রদেশের ডংশিগু শহরে নিজ বাড়ি থেকে রোববার পালিয়ে যান চেন গুয়াংচেং।
.
তবে তিনি কোথায় আছেন এবং তার স্বাস্থ্যের অবস্থা কেমন সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। চেনের সমর্থকরা বলছে, তিনি বেইজিং এ নিরাপদেই আছেন।
চেন বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন বলেও জল্পনা চলছে। তবে মার্কিন দূতাবাস এবং চীনের পররাষ্ট্রমন্ত্রণলয় কেউই এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ।
ইউটিউবে পাঠানো এক ভিডিও চিত্রে পালানোর খবর জানান দৃষ্টিশক্তিহীন চেন গুয়াংচেং। এ ভিডিওতেই সত্য উদঘাটনের জন্য চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এর সহায়তা চান তিনি।
গৃহবন্দি থাককালে স্থানীয় কর্মকর্তাদের হাতে পরিবারের সদস্যদের মারধোর ও নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি তদন্ত করে দেখাসহ জিয়াবাওয়ের কাছে মোট তিনটি দাবি জানিয়েছেন চেন।
আইন শিক্ষায় শিক্ষিত চেন বাধ্যতামূলক গর্ভপাতের বিরুদ্ধে প্রচারাভিযান চালিয়ে সুপরিচিতি পেয়েছেন।
২০১০ সালের সেপ্টেম্বরে জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকে তাকে গৃহবন্দি করে রাখা হয়। পালানোর পর চেন ভিডিওতে বলেন, “কাজটা খুব সহজ না হলেও আমি পালিয়েছি।”
নির্যাতনের সব ঘটনাও সত্য বলে জানান তিনি। তার পরিবার এখনো শেনডং এ আছে জানিয়ে পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার আবেদন জানান চেন।
চেনের পলায়নের পর তার বাড়ি ঘেরাও করে রেখেছে কর্তৃপক্ষ।
তার গৃহবন্দীত্ব ও পরিবারসহ মানবেতর জীবন থেকে মুক্তির দাবিতে চীনে বিক্ষোভ করেছে সমব্যথীরা।
ওদিকে, এ ঘটনায় বিদেশি সরকার ও মানবাধিকার গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়েছে চীন সরকার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বরাবরই চেনের মুক্তির দাবি করে আসছিলেন। আগামী সপ্তাহে তার বেইজিং সফরের আগ মুহুর্তে পালিয়ে গেলেন তিনি।
চেনের পালানোর খবর এবং তা নিয়ে উত্তেজনা চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৭ঘ.
bdnews24