নিউইয়র্ক, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফোনে আড়ি পাততেন চীনের শীর্ষ রাজনীতিবিদ বো জিলাই। খোদ চীনের প্রেসিডেন্টও তার এ গুপ্তচরবৃত্তির শিকার হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ‘ দ্য নিউইয়র্ক টাইমস’ এ খবর জানিয়েছে।
কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত বেশ কয়েকজনের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, চীনের চংকিং শহর জুড়ে ফোনে আড়ি পাতার ফাঁদ পেতেছিলেন বো।
চংকিং শহরে কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধ-বিরোধী অভিযানের অংশ হিসেবে কয়েকবছর আগে ফোনে আড়িপাতার নেটওয়ার্ক চালু করেন বো।
বো জিলাইয়ের কর্মকর্তারাও প্রেসিডেন্ট হু জিনতাওয়ের একটি ফোন কলে আড়ি পেতেছে বলে জানিয়েছে ‘দ্য নিউইয়র্ক টাইমস’।
তবে হু জিনতাওয়ের ফোনে আড়িপাতার ঘটনাটিকে বো জিলাই যান্ত্রিক ত্র“টি বলে ব্যাখ্যা করেছেন। চংকিং এর স্থানীয় এক সূত্রের উদ্ধৃতি দিয়ে এমন কথাই জানিয়েছে পত্রিকাটি।
প্রত্রিকাটি আরো জানায়, চংকিংয়ে আড়িপাতার এ ব্যবস্থা চালু করতে বো জিলাইকে সহায়তা করেন পুলিশ প্রধান ওয়াং লিজুন।
উচ্চাভিলাষী বো চংকিং পরিদর্শনে যাওয়া প্রায় সব উচ্চপদস্থ চীনা কর্মকর্তাদের ফোনেই আড়ি পাততেন।
এভাবেই চংকিংয়ে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের একটি ফোন কলে বো’র আড়ি পাতার ঘটনাটি সরকারের কাছে ধরা পড়ে। শুরু হয় তার বিরুদ্ধে তদন্ত।
ফোনে আড়িপাতার ঘটনার পাশাপাশি এ বছর ফেব্র“য়ারিতে চেংডুর মার্কিন কনস্যুলেটে বো জিলাইয়ের শীর্ষ লেফটেন্যান্ট এবং পুলিশ প্রধানের আশ্রয় লাভের চেষ্টা এবং এ ব্যাপারে বোর জড়িত থাকার ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর মার্চে চংকিং পার্টি প্রধানের পদ থেকে অপসারিত হন তিনি। এর পরের মাসে পার্টির পলিটব্যুরো থেকেও তাকে বরখাস্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০১ঘ.
bdnews24