২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: চার্লস টেলর দোষী সাব্যস্ত

সিয়েরা লিওনের যুদ্ধাপরাধে সহযোগিতা করার অভিযোগে লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘ সমর্থিত বিশেষ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

দি হেগ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিয়েরা লিওনের যুদ্ধাপরাধে সহযোগিতা করার অভিযোগে লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘ সমর্থিত বিশেষ আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে নাৎসীদের নুরেমবার্গ সামরিক ট্রাইব্যুনালের পর আন্তর্জাতিক আদালতের বিচারে এই প্রথম আফ্রিকার কোনো সাবেক রাষ্ট্রপ্রধান দোষী সাব্যস্ত হলেন। ১৯৯১- ২০০২ সালে সিয়েরা লিওনে গৃহযুদ্ধ চলাকালে হাজার হাজার মানুষ হত্যাকারী বিদ্রোহীদের সহায়তা করা, অপ্রাপ্তবয়স্কদের সেনা হিসেবে যুদ্ধ করতে বাধ্য করা, ধর্ষণ এবং যৌন নিগ্রহের মদদদাতা হিসেবে অপরাধী প্রমাণিত হয়েছেন ৬৪ বছর বয়সী টেলর। সিয়েরা লিওন বাহিনীকে অস্ত্র, খাদ্য, চিকিৎসা সহায়তা, জ্বালানি ও অন্যান্য সাজ সরঞ্জাম দেওয়ার অপরাধেও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। হেগের উপকণ্ঠে সিয়েরা লিওনের জন্য গঠিত ওই বিশেষ আদালতের রায়ে বলা হয়েছে, সিয়েরা লিওনে গৃহযুদ্ধ চলাকালে টেলর যুদ্ধাপরাধে সাহায্য-সহযোগিতা করেছেন। এ অপরাধে তিনি সন্দেহাতীতভাবে দায়ী। তবে এসব অপরাধ সংঘটনের নির্দেশ দেওয়ার দায় থেকে মুক্তি পেয়েছেন টেলর। প্রায় ৫ বছর ধরে টেলরের বিচার চলার পর আদালত এ রায় দিল। মানবাধিকার গোষ্ঠীগুলো একে ঐতিহাসিক রায় বলে বর্ণনা করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য এ রায়কে এক গুরুত্বপূর্ণ বার্তা বলে প্রশংসা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৭ঘ.