ভিয়েনা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বব্যাপী বার্ষিক প্রবৃদ্ধির ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার বা বিশ্বের মাথাপিছু আয়ের ৩ দশমিক ৬ শতাংশের যোগান আসে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে।
এই হার সম্ভবত বাড়ছে বলে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরাধ বাণিজ্যকে হুমকি আখ্যা দিয়ে জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের (ইউএনওডিসি) প্রধান ইউরি ফেদতোভ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “অপরাধ ব্যবসা বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে, বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির মধ্যে এটি একটি।”
সম্প্রতি প্রথমবারের মতো ২০০৯ সালের তথ্যপঞ্জি ব্যবহার করে ইউএনওডিসি ও বিশ্বব্যাংক বিশ্ব অর্থনীতিতে অপরাধের ভূমিকা পরিমাপ করেছে বলে জানিয়েছেন ফেদতোভ।
অপরাধ দমন ও অপরাধীর বিচার বিষয়ক এক আন্তর্জাতিক কমিশনের (সিসিপিসিজে) সপ্তাহব্যাপী বৈঠকের উদ্বোধনী দিনের বক্তৃতায় তিনি বলেন, “পরিস্থিতি সম্ভবত আরো খারাপ হচ্ছে, কিন্তু বিষয়টি নিশ্চিত হতে আমার আরো তথ্য প্রয়োজন।”
দুর্নীতির জন্য উন্নয়নশীল দেশগুলোতে প্রতি বছর চার হাজার কোটি ডলার অপচয় হয় এবং মানব পাচারের মাধ্যমে ৩ হাজার ২’শ কোটি ডলার অবৈধ আয় হয় বলে জানান তিনি।
অন্য এক বক্তৃতায় ফেদতোভ বলেন, “আধুনিক সময়ে দাসত্বের মতো ঘৃণিত অপরাধ মানব পাচারের ফলে প্রতি মূহুর্তে ২৪ লাখ লোক দূর্ভোগ পোহাচ্ছে।”
এ সময় বৃহৎ অর্থনৈতিক লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য অপরাধের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১২ঘ.
bdnews24