ওয়াশিংটন, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষাণা দিয়েছেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউ গিংরিচ। এর ফলে রিপাবলিকান দল থেকে মিট রমনির মনোনয়ন একরকম নিশ্চিত হয়ে গেল।
রিপাবলিকান দল থেকে রমনির মনোনয়নই গিংরিচ প্রত্যাশা করছেন জানানো হয়েছে বিবিসি’র খবরে।
আগামী সপ্তাহে গিংরিচ প্রচারাভিযান বন্ধের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়াবেন বলে বুধবার তার শিবিরের এক কর্মকর্তা জানান।
ওদিকে, মঙ্গলবার পাঁচটি রাজ্যে প্রাইমারিতে জয় লাভের পর অনানুষ্ঠানিকভাবে নিজেকে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে দাবি করে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে প্রচারাভিযান শুরু করেছেন রমনি।
গিংরিচের সরে দাঁড়ানোর ঘোষণার পর মাত্র একজন প্রার্থী এখনও রয়ে গেছেন। তিনি হলেন রন পল। তবে জানুয়ারিতে শুরু হওয়া মনোনয়ন দৌড়ে এখনও কোনো সফলতা পাননি এ রিপাবলিকান।
৪৩ রাজ্যের প্রাইমারি থেকে ৬শ’ ৯৫ ডেলিগেট পেয়েছেন রমনি। চূড়ান্ত মনোনয়নের জন্য তার প্রয়োজন ১ হাজার ১শ’ ৪৪ ডেলিগেট।
তাছাড়া কয়েক সপ্তাহে আগে প্রধান প্রতিদ্বন্দ্বী রিক সান্তোরাম মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালে রমনির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
এর আগে ডেলাওয়ার রাজ্যে না জিতলে সরে দাঁড়াবেন বলে জানান গিংরিচ।
মঙ্গলবার ডেলাওয়ারসহ পাঁচটি রাজ্যের প্রাইমারিতে জিতেন রমনি। এ জয়ের পর নিউ হ্যাম্পশায়ারের ভাষণে নিজেকে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন বিজয়ী দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১০ঘ.
bdnews24