কাবুল, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান থেকে ২০১৪ সালে ন্যাটো সেনা প্রত্যাহারের পর দেশটিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নির্ধারণ করে রোববার একটি খসড়া অংশীদারিত্ব চুক্তি সই করেছে ওয়াশিংটন ও কাবুল।
কয়েকমাসের আলোচনার পর আফগানিস্তানের রাজধানী কাবুলে দীর্ঘপ্রতিক্ষীত এ চুক্তি সই করেন মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার এবং আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রঙ্গিন দাদফার স্পান্টা।
চুক্তির খসড়া সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে খসড়াটি দু’দেশের প্রেসিডেন্ট পর্যালোচনা করে দেখবেন।
চুক্তির পর কাবুলে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, “একসঙ্গে প্রচুর কাজ করার পর কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা শেষের পথে চলে আসতে পেরে আমরা খুশি।”
তিনি আরো বলেন, “আফগানিস্তানের সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং এর স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখতে চিরস্থায়ী অংশীদারিত্ব বজায় রাখার পাশপাশি আল কায়েদা ও অন্যান্য চরমপন্থিদের প্রতিহত করার অভিন্ন লক্ষ্যে কাজ করে যাওয়াই আমাদের উদ্দেশ্য। এ লক্ষ্য পূরণে চুক্তিটি সহায়ক হবে বলেই আমরা মনে করি।”
কিন্তু চুক্তি হলেও আফগানিস্তান থেকে বিদেশি নেতা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগান বাহিনীকে কি পরিমাণ অর্থ সহায়তা দেবে তা নিয়ে দু’পক্ষে মতবিরোধ রয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
গত সপ্তাহে প্রেসিডেন্ট হামিদ কারজাই আফগান বাহিনী রক্ষণাবেক্ষণের জন্য ন্যূনতম দুই’শ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে লিখিত প্রতিশ্র“তি চেয়েছেন।
আগামী মাসে যুক্তরাষ্ট্রের শিকাগোয় অনুষ্ঠেয় ন্যাটো নেতাদের সম্মেলনে আফগান বাহিনীর জন্য তহবিলের এ বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪০ঘ.
bdnews24