২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের নির্বাচন: প্রথম দফায় সারকোজির পরাজয়

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তার প্রধান প্রতিপক্ষ ফ্রাঁসোয়া হোল্যান্দের কাছে সামান্য ব্যবধানে হেরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তার প্রধান প্রতিপক্ষ ফ্রাঁসোয়া হোল্যান্দের কাছে সামান্য ব্যবধানে হেরে গেছেন। ফ্রান্সের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে পরাজিত হলেন। রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে সমাজতান্ত্রিক দলের মধ্য-বামপন্থি প্রার্থী হোল্যান্দ পেয়েছেন ২৮ দশমিক ৬ শতাংশ ভোট। আর মধ্য-ডানপন্থি সারকোজি পেয়েছেন ২৭ দশমিক ১ শতাংশ ভোট। নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের ওপরে ভোট না পাওয়ায় ফ্রান্সের নির্বাচনী আইন অনুযায়ী প্রথম দফায় এগিয়ে থাকা দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফা ভোট হবে। আগামী ৬ মে দ্বিতীয় পর্বের ভোটের তারিখ নির্ধারিত হয়েছে। তৃতীয় স্থানে থাকা কট্টর ডানপন্থী প্রার্থী ম্যারিন লে পেন পেয়েছেন ১৮ দশমিক ১ শতাংশ ভোট। রক্ষণশীল ভোটের একটা বড় অংশ ম্যারিনের দিকে চলে যাওয়ায় সারকোজি বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ম্যারিনের কট্টর-ডান ন্যাশনাল ফ্রন্ট এবারই প্রথম ১৮ শতাংশের বেশি ভোট পেয়েছে। ওদিকে, প্রথম পর্বে সামান্য ব্যবধানে জয় পাওয়ায় হোল্যান্দের জন্য এ সময়টি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্বের ভোটে ম্যারিনের পক্ষের রক্ষণশীল ভোট সারকোজির পক্ষে যাওয়ার কথা। সেক্ষেত্রে দ্বিতীয় পর্বের ভোটের আগের দুই সপ্তাহ হোল্যান্দকে খুব সতর্কভাবে পা ফেলতে হবে। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট পদ ধরে রাখার জন্য সারকোজিকে এখন ম্যারিনের সমর্থক কট্টর-ডান ভোটারদের ভোট চাইতে হবে। কিন্তু প্রথম দফায় জয়ের কারণে দৌড়ে সামনের সারিতেই থাকবেন হোল্যান্দ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১২৫৫ঘ.