২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়বে চীন

উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং উনের প্রসংশা করে দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার অঙ্গীকার করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

বেইজিং, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং উনের প্রসংশা করে দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার অঙ্গীকার করেছে চীন। পিয়ংইয়ং এর রকেট উৎক্ষেপণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হৈচৈ এবং রকেট ছুড়তে ব্যর্থ হয়ে উত্তর কোরিয়ার ফের পরমাণু পরীক্ষা চালানো নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে চীনের জেষ্ঠ্য কূটনীতিক রাষ্ট্রীয় কাউন্সিলর দাই বিঙ্গগুয়োই বন্ধুত্ব আরো পাকা করার আগ্রহ প্রকাশ করলেন। উত্তর কোরিয়ার ওয়াকার্স পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক কিম ইওঙ ইলের সঙ্গে বেইজিংয়ে বৈঠককালে দেশটির সঙ্গে এ সখ্যতা গড়ার কথা বলেন দাই। রোববার রাতে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। চীনা কূটনীতি পরিচালিত হয় রাষ্ট্রীয় কাউন্সিলর দাইয়ের নেতৃত্বে। চীনা পরারাষ্ট্রমন্ত্রীর চেয়েও তার পদমর্যাদা বেশি। ১৩ এপ্রিল উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণে ব্যর্থতা নিয়ে দাই কোনো মন্তব্য করেননি। ওই রকেট একটি আবহাওয়া উপগ্রহ পৃথিবীর কক্ষপথে স্থাপনের উদ্দেশ্যে ছোড়া হয়েছিল বলে জানিয়েছে পিয়ংইয়ং। এ রকেট উৎক্ষেপণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখেও উত্তর কোরিয়ার সঙ্গে মিত্রতা বজায় রাখায় যতœবান চীন। উত্তর কোরিয়াকে চীন তাদের দীর্ঘদিনের মিত্র বলেই বিবেচনা করে। আর এই মিত্রতার বন্ধন আরো সুদৃঢ় করার ওপরই দাই জোর দিয়েছেন। “চীন ও উত্তর কোরিয়ার বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ক দু’পক্ষের জন্যই অত্যন্ত মূল্যবান। উত্তর কোরিয়ার সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সহযোগিতার নতুন মাত্রায় নিয়ে যেতে চায় চীন,” সফররত কোরীয় অতিথির উদ্দেশ্যে বলেন দাই। বৈঠকে উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উনের প্রশংসা করে তিনি বলেন, “কোরিয়ার ওয়াকার্স পার্টি, সরকার ও জনগণ তাদের নতুন নেতা কিম জং উনের নেতৃত্বে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য সফলভাবে কাজ করছে।” উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের নিন্দায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সমর্থন করা এমনকি পরবর্তীতে এ ধরনের কোনো পরীক্ষা না চালানোর ব্যাপারে দেশটিকে সতর্ক করার ক্ষেত্রে চীন ভূমিকা পালন করলেও পিয়ংইয়ং এর ওপর কোনোরকম কঠোর চাপ প্রয়োগ কিংবা বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের বিরোধী বেইজিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৩ঘ.