ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে বিমান দুর্ঘটনায় ১শ’ ২৭ জন নিহত হওয়ার ঘটনায় দেশটিতে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও এক বার্তায় শোক জানিয়েছেন।
শুক্রবার ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে নিকটবর্তী আবাসিক এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়।
বিবিসি এক খবরে জানায়, ভোজা এয়ার জেট এর বিমানটি ১শ’ ২৭ জন আরোহী নিয়ে করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। দুর্ঘটনায় বিমানের সব আরোহীই নিহত হয়েছে।
ইসলামাবাদের কাছে হুসাইন আবেদ গ্রামে বিধস্ত বিমানের ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকাজ রাতেই বন্ধ করে দিয়েছে উদ্ধারকর্মীরা। তখনও পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।
বিমানটির ককপিটের ফ্লাইট রেকর্ডার উদ্ধার করে তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সামাব আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, “আমি বিমানটি আছড়ে পড়ে আগুন ধরে যেতে দেখেছি। এটি একটি ভবনের ওপর পড়েছে এবং তা আবাসিক হতে পারে।”
দুর্ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা ফজলে আকবর বলেন, “বিমানটি খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। কারো বেঁচে থাকাটা হবে অলৌকিক ব্যাপার।”
উদ্ধারকাজ তদারককারী ব্রিগেডিয়ার সরফ্রাজ আলি জানান, এখনও পর্যন্ত ১শ’ ১০টি লাশ উদ্ধার তরা হয়েছে।
তিনি বলেন, “উদ্ধারকরাদের লাশ শনাক্ত করা যায়নি। কেননা লাশগুলো শনাক্ত করার মতো অবস্থায় নেই।”
ভোজা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১২১ জন যাত্রী এবং ছয় জন ক্রু ছিলেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বিমানবন্দরের কাছে শেষ বার্তা পাঠায়। ওই সময় বজ্রপাত হওয়ার খবরও পাওয়া গেছে।
বিধ্বস্ত বিমানের আরোহীদের পরিবার খবরের জন্য করাচি ও ইসলামাবাদ বিমানবন্দরে অপেক্ষা করছে। করাচি থেকে আরোহীদের পরিবারের একজন করে সদস্যকে ইসলামাবাদ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে ভোজা এয়ারের এক কর্মকর্তা জানান।
ইসলামাবাদ বিমানবন্দরে এক ব্যক্তি চিৎকার করছিল, “তার দুই মেয়ে মারা গেছে’ বলে। এরপরেই সংজ্ঞা হারান ওই ব্যক্তি।
১৮ ও ২০ বছর বয়সী ওই দুই বোনোর চাচা বলেন, “কখন বা কোথায় তাদের লাশ পাবো আমরা সে কথাটিও জানি না।”
এদিকে আরেক নারী ছুটে বেড়াচ্ছেন তার স্বামী বিমানের ওই ফ্লাইটটিতে ছিলেন কিনা সে খবর জানার জন্য।
জারিনা বিবি নামের ওই নারী বলেন, “করাচি ছেড়ে আসার আগে আমাকে ফোন করেছিল। সে এ বিমানে ছিল কিনা তা জানি না।”
বিমানটি পাকিস্তান সময় বিকাল ৫টায় করাচি বিমানবন্দর ছাড়ে, সন্ধ্যা পৌনে ৭টায় এর ইসলামাবাদ পৌঁছার কথা ছিল।
ডন জানিয়েছে, বিমানটি যখন বিধ্বস্ত হয়ে তখন ওই এলাকায় প্রবল বর্ষণ হচ্ছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সে দেশের বেসামরিক বিমান কর্তৃপক্ষের ধারণা, বজ্রপাত এর কারণ হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৪৫ ঘ.
bdnews24