২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অগ্নিপুত্রী’ টেসি টমাস

ভারতের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর ‘সফল রূপকারকে’ এখন ডাকা হচ্ছে এ নামেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল রূপকার দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) নারী বিজ্ঞানী টেসি টমাস। ভারতীয় গণমাধ্যমে এখন তাকে অভিহিত করা হচ্ছে ‘অগ্নিপুত্রী’ নামে। পরমাণু অস্ত্রবহনে সক্ষম ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করা বিশ্বের অল্প কয়েকজন নারীর মধ্যে টেসি টমাস একজন। ভারত গত বৃহস্পতিবার প্রথমবারের মতো দূরপাল্লার (আন্তঃমহাদেশীয়) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালায়, যার পাল্লা ৫ হাজার কিলোমিটারের বেশি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিআরডিওর হয়ে এ ক্ষেপণাস্ত্র উন্নয়নে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন অগ্নি-৫ এর প্রকল্প পরিচালক টেসি টমাস। ভারতের অত্যন্ত গোপনীয় ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির পুরুষ প্রধান কর্মক্ষেত্রে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৮৮ সালে ডিআরডিওতে যোগ দেওয়া টেসির বয়স এখন ৪৯ বছর। তিনি জানান, কর্মক্ষেত্রে কখনো নারী-বিদ্বেষী প্রবণতার মুখোমুখি হতে হয়নি তাকে। “প্রযুক্তিতে কোনো লিঙ্গ বৈষ্যম নেই। ভালো কাজ দেখাতে পারলেই হলো। আমার কর্মক্ষেত্রে আমি কখনো লিঙ্গ বৈষম্যের শিকার হইনি,” বলেন তিনি। ধর্ম বিশ্বাসে রোমান ক্যাথলিক টেসি ভারতের কেরালার দক্ষিণাঞ্চলের এক ক্ষুদ্র ব্যবসায়ী বাবা ও গৃহিণী মায়ের সন্তান। মাদার তেরেসার সঙ্গে মিলিয়ে বাবা-মা তার নাম রাখেন টেসি। একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্রের কাছে শৈশব কাটায় রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রতি আকর্ষণ নিয়েই বড় হন এই ভারতীয় নারী। স্কুল ও কলেজের পাঠ শেষে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে মাস্টার্স ডিগ্রি নিতে ২০ বছর বয়সে তিনি কেরালা থেকে পশ্চিম ভারতীয় শহর পুনে যান। সেখানেই পরিচয় হয় ভারতীয় নৌবাহিনীর কমোডর সরোজ কুমারের সঙ্গে, এরপর বিয়ে। ‘গণবিধ্বংসী’ একটি অস্ত্র প্রকল্পে কাজ করতে কেমন লাগে- এমন প্রশ্নের জবাবে এক সন্তানের জননী টেসি বলেন, ‘শান্তির জন্যই’ অস্ত্র উন্নয়নের কাজ করছেন তিনি। ১৭ দশমিক ৫ মিটার দীর্ঘ ও ৫০ টন ওজনের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের মাধ্যমে এ ধরনের প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীনের মতো ক্ষমতাধর দেশের কাতারে নাম লেখালো ভারত। অবশ্য ইসরায়েলেরও এ ধরনের ক্ষেপণাস্ত্র আছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫৫ঘ.