২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আরো পর্যবেক্ষক ও ইইউ বিমান দরকার

সিরিয়ায় চলমান সহিংসতা বিক্ষুব্ধ পরিস্থিতিতে আরো পর্যবেক্ষকসহ তাদের চলাফেরার সুবিধার্থে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে হেলিকপ্টার ও বিমান দরকার বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

বৈরুত, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় চলমান সহিংসতা বিক্ষুব্ধ পরিস্থিতিতে আরো পর্যবেক্ষকসহ তাদের চলাফেরার সুবিধার্থে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে হেলিকপ্টার ও বিমান দরকার বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বান বলেন, সিরিয়ায় সহিংসতা এখনো চলতে থাকলেও সাধারনভাবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু দেশটির বিশাল পরিসর এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২৫০ জন জাতিসংঘ যুদ্ধবিরতি পর্যবেক্ষকই যথেষ্ট না। তিনি আরো বলেন, “যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশনের সদস্যসংখ্যা ২৫০। নিরাপত্তা পরিষদে এ ক’জনেরই প্রস্তাব করব..... কিন্তু ২৫০ জনই যথেষ্ট কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমার মনে হয় দেশটির পরিসর এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটাই যথেষ্ট না।” “আর একই কারণে আমাদের কাজ এবং চলাফেরার সুবিধার্থে ভালো বাহনের প্রয়োজন পড়বে। গতকাল এ বিষয়টি নিয়েই ইইউ (ইউরোপীয় ইউনিয়নের) নেতাদের সঙ্গে আলাপ হয়েছে....... একাজে সহায়তা করার জন্য তাদের হেলিকপ্টার এবং বিমানসহ সব ব্যবস্থা আছে কিনা তা নিয়ে কথা হয়েছে,” বলেন বান। লুক্সেমবার্গে বান জানান, জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বিমান ও হেলিকপ্টার সহায়তা চায়। বুধবারই নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব দেওয়া হবে। তবে তিনি বলেন, মানবিক ত্রাণকর্মীদের জন্য কোনো সামরিক সুরক্ষা ব্যবস্থার কথা এ মুহূর্তে ভাবা হচ্ছে না। ওদিকে, সিরিয়ার সরকারও দেশে জাতিসংঘ সেনা ও বিদেশি বিমান প্রবেশের অনুমতি দেবে কিনা তা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না। সিরিয়ার বিভিন্ন জায়গায় এখনো চলছে গোলা হামলা, রক্তক্ষয়। দেরার বাসর আল হারির এলাকায় গোলা হামলায় অন্তত ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিম্যান রাইটস। কফি আনানের প্রস্তাবে বিভিন্ন শহর থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও সেনাবাহিনী তৃতীয় দিনের মতো হোমসে গোলাবর্ষণ করেছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা। গত ১৩ মাস ধরে চলা সিরিয়ার সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। রাজনৈতিক অধিকারের দাবিতে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা গত বছরের মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারে বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আন্দোলন দমনে সরকারের গৃহীত দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জনতা ক্রমে সশস্ত্র বিদ্রোহের দিকে ঝুঁকে পড়ে। আন্দোলনকারীদের বিদেশি সমর্থনপুষ্ট “সশস্ত্র সন্ত্রাসী” আখ্যা দিয়ে তাদের হামলায় ২ হাজার ৫শ’ সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে সিরীয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০২৭ ঘ.