নরওয়ে, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নরওয়েতে গত বছর বোমা হামলা এবং গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যার নায়ক আন্দ্রে বেরিং ব্রেইভিক সুযোগ পেলে আবারো একই কাজ করবেন বলে জানিয়েছেন আদালতকে।
অসলোর আদালতে বিচার চলাকালে ব্রেইভিক তার চালানো ওই হত্যাযজ্ঞকে ‘বিচক্ষণ’ এবং ‘অসাধারণ’ বলে বর্ণনা করেন এবং বিচার থেকে মুক্তি দাবি করেন।
এক বিবৃতিতে ব্রেইভিক বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে আমি সবচেয়ে বিচক্ষণ এবং অসাধারণ রাজনৈতিক হামলা চালিয়েছি। আর তা করেছি ভালোর জন্যই।”
তিনি আরো বলেন, “নরওয়েবাসীরা ভবিষ্যতে নিজ দেশে এমনকি নিজ দেশের রাজধানীতে সংখ্যালঘু হয়ে পড়ার ঝুঁকির মুখে আছে।”
“হ্যাঁ, সুযোগ পেলে আমি আবার একই কাজ করতাম। কারণ, আমার দেশের জনগণের বিরুদ্ধে চরম অপরাধ সংঘটিত হচ্ছে,” বলেন ব্রেইভিক।
সারা জীবন জেলে কাটানো নিয়ে ভীত নন জানিয়ে ব্রেইভিক বলেন, “আমি বন্দিশালায়ই জন্মেছি, যেখানে আমার বিশ্বাসের কথা বলতে পারি না। আর এই বন্দিশালা হচ্ছে নরওয়ে।”
সোমবার কড়া সশস্ত্র পাহারার মধ্য দিয়ে অসলোর আদালতকক্ষে হাজির করা হয় আত্মস্বীকৃত খুনী ব্রেইভিককে।
হাতকড়া পরে আদালতে প্রবেশ করেন তিনি। আসনে বসার আগে তার হাতকড়া খুলে দেওয়া হয়।
এ সময় স্যালুট দেওয়ার ভঙ্গিতে মুষ্টিবদ্ধ ডান হাত তুলে ধরে ব্রেইভিক বলেন, তিনি আদালতের কর্তৃত্ব মানেন না। কারণ, আদালত বহুসংস্কৃতিবাদের সমর্থক রাজনৈতিক দলগুলোর আজ্ঞাবহ।
বিচারের শুরুতেই দোষ অস্বীকার করেন ব্রেইভিক। হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও তা অপরাধ বলে মানতে অস্বীকৃতি জানান তিনি।
নরওয়েকে বহুসংস্কৃতি ও ইসলাম থেকে রক্ষার জন্যই ওই হামলা চালিয়েছেন বলে দাবি করেন ব্রেইভিক।
প্রায় আড়াই মাস আগে ব্রেইভিকের বিচারের দিন ধার্য করা হয়। এর মধ্যে তার অপরাধ ও সুস্থতা পরীক্ষার নির্দেশ দেয় আদালত।
গত বছর ২২ জুলাই রাজধানী অসলোর কাছে একটি দ্বীপে যুব সম্মেলনে হামলা চালিয়ে অন্তত ৭৭ জনকে হত্যা করে ব্রেইভিক। হামলার উদ্দেশ্য সম্পর্কে বলেন, তিনি ষড়যন্ত্রকারীদের শাস্তি দেয়ার জন্য ওই হামলা চালিয়েছেন। ওই সব ষড়যন্ত্রকারী যাদের অভিবাসনপন্থি নীতি নরওয়েবাসীদেরকে ভ্যবিচারী করে তুলছে।
এর পরপরই ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে তাকে মানসিকভাবে অসুস্থ বলে রায় দেয়া হয়। তবে চলতি বছর আরেক দফা বিশেষজ্ঞ দিয়ে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হলে তাকে সুস্থ বলা হয়।
তবে আদালতে পাঁচজন বিচারক নিয়ে গঠিত প্যানেলের সিদ্ধান্ত এ দ্বন্দ্বের সমাধান করবে। প্যানেল ব্রেইভিককে সুস্থ মনে করলে তাকে ২১ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। এমনকি তাকে ভবিষ্যতের জন্য বিপজ্জনক বলে মনে হলে অনির্দিষ্টকাল বন্দি থাকতে হতে পারে ব্রেইভিককে।
আর যদি ব্রেইভিককে মাসনিকভাবে অসুস্থ মনে করে বিচারক প্যানেল, তাহলে তাকে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হবে এবং নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৫ঘ.
bdnews24