টোকিও, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে বিরোধ চলছে এমন কয়েকটি দ্বীপ কেনার পরিকল্পনা করেছেন টোকিওর গভর্নর সিনতারো ইশিহারা। তার এই পরিকল্পনায় চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব চীন সাগরে অবস্থিত জাপান ও চীনের দাইয়য়ু’র মধ্যবর্তী সেনকাকু দ্বীপমালা নিয়ে দেশ দু’টির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আশপাশের সাগরে মাছ ধরা ও দ্বীপের গ্যাস সঞ্চয়ের মালিকানা নিয়েই মূলত এই বিরোধ। দু’টি দেশই দ্বীপটির ওপর তাদের ঐতিহাসিক মালিকানা দাবি করেছে।
ওয়াশিংটন সফরের সময় ব্যক্তিগত মালিকানার এই জনবসতিহীন দ্বীপগুলো কেনার কথা প্রথম বলেন ইশিহারা। মঙ্গলবার তার ওই পরিকল্পনা নিশ্চিত করেছে টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষ।
ইশিহারাকে উদ্ধৃত করে টোকিও মেট্রেপলিটন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “দ্বীপগুলো জাপানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার প্রাকৃতিক সম্পদ ও মৎস্যসম্পদ উন্নয়নের এক নতুন দিগন্তের প্রতিশ্র“তি দেয়।”
তবে দ্বীপ কেনার পরিকল্পনা সম্পর্কে সরকারের কিছু জানা নেই বলে জানিয়েছেন জাপান সরকারের মুখপাত্র। এ বিষয়ে কোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানান তিনি।
চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক তথ্য কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে জানান, “এই পরিকল্পনা নিয়ে তাদের কিছু জানানো হয়নি।”
২০১০ সালের শেষ দিকে বিতর্কিত এই দ্বীপমালার কাছে চীনের একটি মাছধরা জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে জাপান। এ ঘটনায় দেশদুটির কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চীনা ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
২০০৮ সালে বিতর্কিত এলাকার গ্যাস ক্ষেত্রের যৌথ উন্নয়নে চীন ও জাপানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হলেও পরবর্তীতে তা আর বাস্তবায়িত হয়নি।
জাপানি এক সংবাদ সংস্থাকে ইশিহারা জানিয়েছেন, কেনার বিষয়ে দ্বীপের মালিকদের সঙ্গে আলোচনা চলছে এবং এ বছরের শেষ নাগাদ এ বিষয়ে একটি সমঝোতা হতে পারে।
এক বছর আগে টোকিওর মেয়র হিসেবে নির্বাচিত ইশিহারা (৭৯) তার বিতর্কিত নানা কাজের জন্য ইতিমধ্যেই যথেষ্ট পরিচিতি পেয়েছেন।
গত বছর ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে উত্তর জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হলে ঘটানাটিকে জাপানিদের “অংহকারের” জন্য “ইশ্বর প্রদত্ত শাস্তি” বলে মন্তব্য করেছিলেন ইশিহারা।
পরবর্তীতে এই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০১ঘ.
bdnews24