২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইটানিক ডুবির ১শ’ বছর

বিশেষ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে টাইটানিক জাহাজ ডুবির ১শ বছর পূর্তি। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

সাউথহ্যাম্পটন, ইংল্যান্ড, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশেষ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে টাইটানিক জাহাজ ডুবির ১শ বছর পূর্তি। ভয়াবহ ওই বিপর্যয়ের স্মরণযাত্রায় দুর্ঘটনাস্থলে পৌঁছানো প্রমোদতরীতে রোববার ঠিক টাইটানিক ডুবে যাওয়ার সময়টিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদেরকে শ্রদ্ধা জানাতে সাগরে ছুড়ে দেওয়া হয় ফুল।। প্রমোদতরী ‘আজামারা জার্নি’র ডেকে বাজানো হয় ব্যান্ডদলের বাজনা। টাইটানিকের স্মরণযাত্রায় ১শ’ বছর পূর্তি পালন করতে কিছুদিন আগেই রওনা দিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে দুটি প্রমোদতরী। উত্তর আমেরিকা থেকে ছেড়ে যায় আজামারা জার্নি। আর ইংল্যান্ড থেকে যাত্রা করে প্রমোদতরী এমএস বালমোরাল। একশ বছর আগে ডুবে যাওয়া টাইটানিকের ১৫’শ মৃত যাত্রীর বংশধররাই মূলত শরিক হয় প্রমোদতরীর এই যাত্রায়। উত্তর আটলান্টিকের কনকনে ঠান্ডা হাওয়ার মধ্যে কম্বল মুড়ি দিয়ে তরীর যাত্রীরা জাহাজডুবির ক্ষণটিতে নিহতদের স্মরণে প্রার্থনায় শরিক হয় এবং ফুল ছড়িয়ে দেয়। “আজ রাতে আমরা টাইটানিকের নিহত ১৫০৩ যাত্রীর সমাধিতে দাঁড়িয়ে আছি,” বলে ওঠে একজন। ওদিকে, বিশ্বের সর্ববৃহৎ জাহাজ টাইটানিককে যেখানে তৈরি করা হয়েছিলো সেই বেলফাস্টেও স্মরণ করা হয় জাহাজডুবির মুহূর্তটিকে। টাইটানিক মেমোরিয়াল গার্ডেনে উন্মোচন করা হয় টাইটানিকডুবিতে নিহতদের নামের তালিকা। বর্ণমালা অনুযায়ী সাজানো হয় নামগুলোকে। বেলফাস্টের সিটি হলের স্মরণানুষ্ঠানে অংশ নেয় হাজার হাজার মানুষ। টাইটানিক কখনো ডুববে না, এমনটিই ভাবা হয়েছিল। কিন্তু সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রায়ই কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছাকাছি হিমশৈলে ভরা আটলান্টিক মহাসাগরে জাহাজটি ডুবে (১৫ এপ্রিল, ১৯১২) যায়। প্রায় ২২’শ যাত্রীর মধ্যে ৭’শ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও বাকী প্রায় ১৫’শ যাত্রীর করুণ মৃত্যু ঘটে। এতো যাত্রী মারা যাওয়ার পেছনে জাহাজের জীবন রক্ষাকারী বোটের অপ্রতুলতাকে দায়ী করা হয়। মাত্র অর্ধেক যাত্রীর জন্য লাইফ বোটের ব্যবস্থা ছিল। সমুদ্র পথের এতবড় এ দুর্ঘটনা তখন থেকে এখন পর্যন্ত মানুষের মনে গভীর রেখাপাত করে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০৩৭ঘ.