২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের নির্বাচনে নিষিদ্ধ ১০ প্রার্থী

মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের গোয়েন্দা প্রধান ও মুসলিম ব্রাদারহুডের প্রার্থীসহ ১০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 09:57 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

বৈরুত, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের গোয়েন্দা প্রধান ও মুসলিম ব্রাদারহুডের প্রার্থীসহ ১০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। চলতি বছর মে মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ২৩ জন প্রার্থীর মধ্যে এ ১০ জনকে শনিবার নিষিদ্ধ করা হয়েছে। মুবারকের সাবেক গোয়েন্দা প্রধান ওমর সুলাইমান ও মুসলিম ব্রাদারহুডের প্রার্থী খাইরাত আল-শাতির ছাড়াও মুসলিম সালাফি ধর্মপ্রচারক হাজেম সালাহ আবু ইসমাইল ও বিরোধী দলীয় নেতা আয়মান নূরসহ ১০ জনের প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। আপিল করার জন্য ৪৮ ঘণ্টা সময় নিষিদ্ধ প্রার্থীদের হাতে রয়েছে বলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফারুক সুলতান রয়টার্সকে জানান। নিষিদ্ধদের মধ্যে ওয়াহাবি ধর্মানুসারী হাজেম সালাহ আবু ইসমাইলের মা যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে মিসরের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে। এছাড়া, নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যথেষ্ট সংখ্যক সমর্থকের স্বাক্ষর না থাকায় হোসনি মুবারকের সাবেক গোয়েন্দা প্রধান ওমর সুলাইমান অযোগ্য ঘোষণা করা হয়েছে। নির্বান কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মনোনয়পত্র বাতিল হওয়া প্রার্থীরা। ফৌজদারি মামলায় কারাভোগ করায় মুসলিম ব্রাদারহুডের প্রার্থী আল শাতির ও আয়মান নূরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ২০১১ সালের ফেব্র“য়ারিতে গণ আন্দোলনে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর মিশরের শাসনভার গ্রহণ করে সেনা পরিষদ। এক বছরের বেশি সময় ধরে সেনা পরিষদই মিসরের ক্ষমতায় রয়েছে। ইতোমধ্যে সেনা পরিষদ পার্লামেন্ট নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে মুসলিম ব্রাদারহুড সমর্থিত দল ‘ফ্রিডম এণ্ড জাস্টিস পার্টি (এফজেপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। চলতি বছর ১লা জুলাইয়ের মধ্যে নির্বাচিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে সামরিক পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫১ঘ.