বৈরুত, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় অস্ত্রবিরতি কার্যকর করেছে সিরিয়া। ভোরে অস্ত্রবিরতির কয়েকঘণ্টা পরই গুলি বর্ষণ বন্ধ করেছে সেনারা।
আনানের শান্তিপ্রস্তাব অনুযায়ী, বৃহস্পতিবার সকালই ছিল অস্ত্রবিরতি কার্যকরের শেষ সময়সীমা।
এর মধ্যেই অস্ত্রবিরতি কার্যকর হল সিরিয়ায়। তবে সিরিয়া সরকার এ অস্ত্রবিরতি বহাল রাখবে কী না তা নিয়ে সন্দিহান বিরোধী পক্ষ এবং পশ্চিমা রাষ্ট্রগুলো।
সিরিয়ার বহু শহরেই এখনো ট্যাংক এবং সেনা মোতায়েন আছে বলে জানিয়েছে বিরোধী আন্দোলনকর্মীরা। তবে সংবাদদাতারা এখন পর্যন্ত অস্ত্রবিরতি বহাল রয়েছে বলেই জানিয়েছেন।
বিরোধী পক্ষ ‘সিরিয়ান অবজারভেটরির ফর হিউমান রাইটস’ চেয়ারম্যান রমি আব্দেল রহমান বলেছেন, “সময়সীমা পেরোনোর একঘণ্টা পর সব দেশজুড়ে সব অঞ্চলের পরিস্থিতি শান্ত হয়ে এসেছে।”
হোমস, হামা এবং ইদলিব প্রদেশে লোকজনের সঙ্গে ফোনে কথা বলে জানা গেছে, সেখানকার পরিস্থিতি শান্ত। রাজধানী দামেস্কের পরিস্থিতিও শান্ত বলে জানিয়েছেন সেখানকার এক বিরোধী আন্দোলনকর্মী।
কিন্তু শান্তিপ্রস্তাব মেনে সেনা প্রত্যাহারের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। হোমস থেকে সেনা, ট্যাংক সরায়নি সরকার। দেশজুড়ে সেনা, ট্যাংক মোতায়েন থাকা ছাড়াও øইপার এবং শসস্ত্র বাহিনীর আনাগোনা সর্বত্রই চোখে পড়ছে বলে জানিয়েছেন বিরোধী পক্ষের কর্মীরা।
তাছাড়া, সিরিয়া সরকার আগেই বলেছে যে, তারা অভিযান বন্ধ করলেও বিদ্রোহী পক্ষ থেকে হামলার জবাব দেয়ার অধিকার রাখে।
সিরিয়া সরকারের প্রতিশ্র“তির ‘বিশ্বাসযোগ্যতা’ নেই বলে ইতোমধ্যেই মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
ওদিকে, সিরিয়ার প্রধান বিরোধী সশস্ত্র গোষ্ঠীও সরকার পক্ষ থেকে হামলা হলে এর জবাবে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছে।
জাতিসংঘ দূত কফি আনানের মুখপাত্র ফৌজি আহমেদের উদ্ধৃতি দিয়ে বিবিসি’র খবরে বলা হয়েছে, “বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সব ধরনের হামলা বন্ধের বিষয়ে কফি আনানকে লিখিত নিশ্চয়তা দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিরোধী পক্ষের সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালালে জবাবে সঙ্গতিপূর্ণভাবেই পাল্টা হামলার অধিকার রেখেই এ নিশ্চয়তা দেওয়া হয়েছে।”
সিরিয়ার সেনারা বৃহস্পতিবার ভোরেও ইদলিব ও দামেস্কের উপকণ্ঠে কয়েকটি শহরে গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
অস্ত্রবিরতি সম্পর্কে সিরিয়া যে লিখিত বার্তা দিয়েছে তা ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিয়োজিত মার্কিন দূত সুসান রাইস। তিনি বলেন, সহিংসতার রাশ টেনে ধরে রাখার দায়িত্ব সিরিয়া সরকারের।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, “অস্ত্রবিরতি বহাল থাকলে তারা যাতে আবার সহিংসতায় ফিরতে না পারে তা নিশ্চিত করতে সিরিয়ায় অবিলম্বে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে জাতিসংঘের সঙ্গে কাজ করবে ব্রিটেন।”
তিনি আরো বলেন, “আর অস্ত্রবিরতি কার্যকর না থাকলে আমরা আবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবনা পাশের উদ্যোগ নেব। আর তখন সিরিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থানকে আরো দৃঢ় করে কঠিন নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিতে বলব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫৬ঘ.
bdnews24