২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি প্রস্তাব বাস্তবায়নের লগ্নে সিরিয়ায় তুমুল লড়াই

জাতিসংঘের শান্তি প্রস্তাব অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকে সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। কিন্তু বিরোধীদের আবাসিক এলাকাগুলো লক্ষ করে বুধবারও সরকারি বাহিনীর আক্রমণ অব্যাহত থাকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 04:54 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

বৈরুত, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের শান্তি প্রস্তাব অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকে সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। কিন্তু বিরোধীদের আবাসিক এলাকাগুলো লক্ষ করে বুধবারও সরকারি বাহিনীর আক্রমণ অব্যাহত থাকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আন্তর্জাতিক শান্তিদূত কফি আনানের কাছে দেওয়া সিরিয়ার আসাদ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সিরীয় শহরগুলোতে মোতায়েন সেনাবাহিনী সরিয়ে নেয়ার কথা থাকলেও এ বিষয়ে সেনাবাহিনী সাড়া দিয়েছে সামান্যই। সরকারি সেনাদের প্রত্যাহার মঙ্গলবারেই শুরু হবে বলে পর্যবেক্ষকরা আশা করেছিলেন। কিন্তু তা হয়নি। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান স্থগিত রাখার প্রতিশ্র“তি দেয়া হলেও সশস্ত্র গোষ্ঠীর “যে কোনো হামলা” সেনাবাহিনী প্রতিরোধ করবে বলেও বলা হয়। ওই ঘোষণার পরও হামা শহরে নতুন ট্যাংক বহর প্রবেশ করেছে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকারীরা। বুধবার রাতে কফি আনানের মুখপাত্র আহমদ ফাওজি জানিয়েছেন, জাতিসংঘের পর্যবেক্ষকরা কীভাবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে তার উপায় নিয়ে আলোচনার জন্য একটি অগ্রবর্তী দল এক সপ্তাহ অবস্থান করার পর দামেস্কে ছেড়ে গেছে। ওই অগ্রবর্তী দলের নেতৃত্বে ছিলেন নরওয়েজিয়ান মেজর জেনারেল রবার্ট মুড। কিন্তু এই দলটি কোনো সমঝোতায় পৌঁছতে পেরেছে কিনা সে বিষয়ে কিছু জানাননি ফাওজি। তাই সর্বশেষ অগ্রগতি সর্ম্পকেও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। এদিকে, বিভিন্ন উপদলে বিভক্ত সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে, সরকারি বাহিনী প্রত্যাহার করে আসাদের দেওয়া প্রতিশ্র“তি রক্ষার প্রমাণ পেলেই কেবল তারা হামলা চালানো বন্ধ করবে। “প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় আনানের পরিকল্পনাকে পাশ কাটিয়ে যাওয়ার ইঙ্গিত আছে। আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করে দেখব, তার আগে আমরা কোনো পদক্ষেপ নেব না,” বুধবার বলেন বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির মুখপাত্র কাসেম সাদ আল দ্বিন। সরকার বিরোধী সিরীয়দের মধ্যে খুব অল্প সংখ্যকই প্রেসিডেন্ট আসাদের দেওয়া প্রতিশ্র“তি বিশ্বাস করে। বুধবারও অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে সরকার বিরোধী আন্দোলনকারীরা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৪৭ ঘ.