জাকার্তা, এপ্রিল ১১ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৬ মাত্রার প্রবল ভূমিকম্পের পর ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারির পর তা প্রত্যাহার করা হয়েছে। (আরো তথ্যসহ-১)
দুটো শক্তিশালী ভূমিকম্পের দু’ঘণ্টা পর বেশিরভাগ এলাকাতেই সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে সুনামি সতর্কতা কেন্দ্র। আচেহসহ ভারত, শ্রীলংকা এবং থাইল্যান্ডেও সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর- ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ৩টা ৩৮ মিনিটে সুমাত্রার এ ভূমিকম্পনের কেন্দ্র ছিল বান্দা আচেহ থেকে ৪৩৪ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে।
ভূমিকম্পের মাত্রা প্রথমে ৮ দশমিক ৯ উল্লেখ করা হলেও পরে তা ৮ দশমিক ৬ বলে জানায় ইউএসজিএস।
এর পরপরই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে ভারত মহাসাগর সংলগ্ন ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মালয়শিয়া, বাংলাদেশ মরিশাস, মৌরতানিয়া, পাকিস্তান, সোমালিয়া, ওমান, মাদাগাস্কার, ইরান, আরব আমিরাত, ইয়েমেন, তানঞ্জানিয়া, মোজাম্বিক, কেনিয়া, সাউথ আফ্রিকা, সিঙ্গাপুরসহ আরো কয়েকটি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।
এ সতর্কতা জারির দু’ঘণ্টা পরই অনুভূত হয় ৮ দশমিক ২ মাত্রার পরাঘাত।
ফলে গোটা ভারত মহাসাগরে নতুন করে সুনামি সতর্কতা জারি করে সুনামি সতর্কতা কেন্দ্র।
ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ আচেহ প্রদেশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির খবর পাওয়া গেছে বলে জানায়। তবে তা এক মিটারেরও কম (৩ দশমিক ৩ ফিট) বলে জানানো হয়।
ভারতের আন্দামান এবং নিকবর দ্বীপপুঞ্জ থেকে উত্তরে ৩ দশমিক ৯ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলেও সতর্ক করে কর্তৃপক্ষ।
এর আগে প্রথম ভূমিকম্পের পর বড় ধরনের সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাঙ ইয়োধইয়োনো।
জাকার্তা সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বিপর্যয় ঘটার কোনো লক্ষণ নেই উল্লেখ করে ইয়োধইয়োনো বলেন, “সুনামির আশঙ্কা নেই। তারপরও আমরা সতর্ক রয়েছি। ”
সুনামি সতর্কতা কেন্দ্রও বড় ধরনের সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানায়। সুনামি সতর্কতা কমিয়ে কেবল ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ এবং যুক্তরাজ্যে পরিস্থিতি নজরে রাখা হয়েছে বলেও জানায় তারা।
হাওয়াই দ্বীপপুঞ্জের ভূপদার্থবিদ ভিক্টর সারদিনা এর আগে রয়টার্সকে বলেন, “বড় ধরনের কোনো সুনামি আসছে বলে মনে হচ্ছে না। তবে আমরা এখনো বড় কিছু ঘটছে কিনা সেদিকে লক্ষ্য রাখছি।”
আচেহ প্রদেশে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, আচেহ প্রদেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং বিপদ সংকেতের মুখে মানুষজন উঁচু স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।
সংস্থার মুখপাত্র সুতোপো বলেন, “বিদ্যুৎ নেই। অপেক্ষাকৃত উঁচু স্থানে যাওয়ার জন্য যানজট লেগে গেছে। এ ছাড়া মসজিদ থেকে কুরআন পাঠ করা হচ্ছে ও সাইরেন বাজানো হচ্ছে।”
তবে ইয়োধোইয়োনো বলেন, আচেহ’র পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে ভূমিকম্প অনুভূত হয়েছে। থাইল্যান্ডের ছয়টি প্রদেশে উপকূলবর্তী মানুষদেরকেও উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ভূমিকম্প অনুভূত হয়েছে শ্রীলংকা এবং থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটেও। ২০০৪ সালের সুনামিতে দেশদুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
২০০৪ সালে ইন্দোনেশিয়ার এ অঞ্চলটিতে ভয়াবহ সুনামিতে প্রায় ১ লাখ ৭০ হাজার লোক প্রাণ হারায়। পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৩ টি দেশে মোট আড়াই লাখ মানুষ এ সুনামিতে মারা যায়।
তবে এবার সেরকম কিছু ঘটার আশঙ্কায় লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন শ্রীলংকার বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী মাহিন্দা অমরাবীরা।
তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। ওদিকে, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াও সুনামির আশঙ্কা নাকচ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/জেকে/এসইউ/এলকিউ/১৫৫১ ঘ.
bdnews24