২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অভ্যুত্থান বিষয়ে খবর প্রকাশে নিষেধাজ্ঞা

সম্প্রতি ভারতের সেনা বাহিনীর দু’টি ইউনিটের অভ্যুত্থানের প্রচেষ্টা বিষয়ক খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যের দেশটিতে তোলপাড় শুরু হয়। এরই জেরে সব ধরনের গণমাধ্যমে এ সম্পর্কিত খবর প্রকাশ ও প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি ভারতের সেনা বাহিনীর দু’টি ইউনিটের অভ্যুত্থানের প্রচেষ্টা বিষয়ক খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যের দেশটিতে তোলপাড় শুরু হয়। এরই জেরে সব ধরনের গণমাধ্যমে এ সম্পর্কিত খবর প্রকাশ ও প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির একটি আদালত। মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে দেশটির ইউনিয়ন হোম ও ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মন্ত্রণালয়কে এ আদেশ বাস্তবায়ন করার নির্দেশও দিয়েছে আদালত। উত্তর প্রদেশের রাজ্য সরকারকেও আদালত একই নির্দেশ দেয় বলে বুধবার এনডিটিভি জানিয়েছে। ভারতের অ্যাসিসটেন্ট সলিসিটর জেনারেল অব ইন্ডিয়া আইএইচ ফারুকি বলেন, সেনাদলের আন্দোলনের মতো স্পর্শকাতর একটি বিষয় জনসাধারণের আলোচনার বিষয় হতে দেওয়া উচিৎ নয় বলে মনে করে আদালত। এতে দেশের নিরাপত্তা বিঘিœত হতে পারে। জনস্বার্থে মানবাধিকারকর্মী নুতন সরকারের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত। নুতন সরকার বলেন, অন্যান্য ভারতীয় নাগরিকের মতো আমিও এ ঘটনার মূলে যেতে চেয়েছি। তাতে আমি জানতে পারি, একটি আন্দোলনকে ‘সেনা অভ্যুত্থানের চেষ্টা’ বলা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের প্রচার ও প্রকাশের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া উচিৎ। গত ৪ এপ্রিল ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, দিল্লির হিসার ও আগ্রায় দু’টি সেনা ইউনিট গত ১৬ জানুয়ারি সরকারকে না জানিয়েই রাজধানী নয়াদিল্লির দিকে অগ্রসর হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে এটি নিয়মিত মহড়ার অংশ বলে জানানো হয়। সরকারও এ ধরনের খবর ভিত্তিহীন বলে দাবি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩২ ঘ.