২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের বাজারমূল্য ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

এর ফলে সবচেয়ে দামি মার্কিন কোম্পানি হিসেবে অ্যাপলের অবস্থান আরও সুসংহত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি অ্যাপলের বাজারমূল্য প্রথমবারের মতো ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ফলে সবচেয়ে দামি মার্কিন কোম্পানি হিসেবে অ্যাপলের অবস্থান আরও সুসংহত হলো। বিবিসি জানায়, মঙ্গলবার স্টক এক্সচেঞ্জে অ্যাপলের শেয়ারের দাম ৬৪৪ ডলারে পৌঁছে। এ বছরের শুরু থেকে শেয়ারের দাম প্রায় ৬০ শতাংশ বাড়ল। আইফোন আর আইপ্যাড নির্মাতা এ প্রতিষ্ঠানের জন্য এটি আরেকটি মাইলফলক। ১৯৯৭ সালে দেউলিয়ার মুখোমুখি হওয়া অ্যাপলের শেয়ারের দাম ছিল মাত্র ৩ দশমিক ১৯ ডলার। গত বছর মারা যাওয়া স্টিভ জবসের হাত ধরেই অ্যাপলের এই পূর্ণজাগরণের সূচনা। আইপড মিউজিক প্লেয়ার, আইফোন ও সবশেষে আইপ্যাড এনে আর সবাইকে ছাড়িয়ে যায় অ্যাপল। ১৯৮০ এর দশকে সিলিকন ভ্যালিতে অ্যাপল যৌথভাবে প্রতিষ্ঠা করেন স্টিভ জবস। কিন্তু সে দশকের শেষ দিকে অ্যাপল থেকে বিতারিত হন তিনি। কিন্তু অ্যাপল দুরবস্থায় পড়লে আবার ফিরিয়ে আনা হয় তাকে। এর পর অ্যাপলের ইতিহাস শুধুই প্রবৃদ্ধির। ২০১১ সালের শেষ তিন মাসে অ্যাপল রেকর্ড পরিমাণ লাভ করেছে। গত মার্চে অ্যাপলের নতুন প্রধান নির্বাহী টিম কুক জানান, ২০১১ সালের আয় থেকে অ্যাপল শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া শুরু করবে এবং বাজার থেকে অ্যাপলের কিছু শেয়ার কিনেও নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৩০৭ ঘ.