অসলো, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নরওয়ে হত্যাযজ্ঞের ঘটনায় আত্মস্বীকৃত খুনি আন্দ্রে বেরিং ব্রেইভিককে মানসিকভাবে সুস্থ ঘোষণা করেছে চিকিৎসকরা।
তিনি মানসিকভাবে বিচারের মুখোমুখি হওয়া এবং দণ্ড ভোগ করার মতো যথেষ্ঠ সুস্থ। দ্বিতীয়বারের মতো ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য পরীক্ষায় একথাই বলা হয়েছে।
নতুন এ পরীক্ষার ফল আগের বারের ঠিক উল্টো। গত বছর নভেম্বরে ব্রেইভিকের প্রথম মানসিক স্বাস্থ্য পরীক্ষায় তাকে মানসিকভাবে অসুস্থ উল্লেখ করা হয়েছিল।
২০১১ সালের জুলাইয়ে নরওয়ের পার্লামেন্ট ভবন ও রাজধানীর কাছের একটি দ্বীপে হামলা চালিয়ে প্রায় ৭৭ জনকে হত্যা করেন ব্রেইভিক। সোমবার তার বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কথা রয়েছে।
ব্রেইভিককে মানসিক হাসপাতালে নাকি জেলে পাঠানো হবে সে সিদ্ধান্ত নিতে তার মানসিক স্বাস্থ্য সম্পর্কিত দুটো পরীক্ষার ফলই বিবেচনা করে দেখবে আদালত।
মঙ্গলবার এক বিবৃতিতে অসলোর আদালত বলেছে, “মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী, ২০১১ সালের ২২ জুলাই হামলার সময় ব্রেইভিক মানসিকভাবে অসুস্থ ছিলেন না।”
এতে আরো বলা হয়েছে, “তার মানে অপরাধের জন্য ব্রেইভিক অপরাধী হিসেবেই গণ্য হবেন।”
গত বছর স্বাস্থ্য পরীক্ষায় ব্রেইভিককে সিজোফ্রোনিয়া আক্রান্ত বলার পর ব্যাপক সমালোচনার মুখে চলতি বছর জানুয়ারিতে তার দ্বিতীয় দফা স্বাস্থ্য পরীক্ষার আদেশ দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৮ঘ.
bdnews24