অ্যাপাইডেন, তুরস্ক, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় দীর্ঘমেয়াদি গৃহযুদ্ধ এড়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর ওপর বিমান হামলা চালানোর আহ্বান জানিয়েছেন এক সাবেক সিরীয় সেনা কমান্ডার।
আসাদ সরকার বিরোধী সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাওয়া সেনা পরিষদের নেতা সিরিয়া সেনাবাহিনীর সাবেক জেনারেল মুস্তফা আল শেখ রয়টার্সেকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।
“বিমান হামলা বেশিদিন চালানোর দরকার পড়বে না। কারণ সিরীয় বাহিনীর প্রায় ৭০ শতাংশ এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে। এ অবস্থায় যারা মাঠে আছে তাদের ওপর হামলা চালানো হলে সিরীয় জনগণ বুঝতে পারবে আন্তজার্তিক সম্প্রদায় তাদের সঙ্গে আছে।,” বলেন জেনারেল মুস্তফা।
সিরীয় সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য সুন্নি হওয়ায় তাদের ব্যারাকে নিষ্ক্রিয় অবস্থায় রাখা হয়েছে, সেদিকেই ইঙ্গিত করেছেন মুস্তফা।
এভাবে, সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর পরামর্শমতো বিদ্রোহীদের অস্ত্র সজ্জিত করা ছাড়াই সিরিয়ার মূল সেনাবাহিনীর গঠন অক্ষুণœ রেখে অনেক কম রক্তপাতের মধ্য দিয়ে উদ্দেশ্য হাসিল করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
আসাদের নিজ গোত্র আলাউতি সম্প্রদায়ের নেতৃত্বে সিরিয়া বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন, হত্যা, গুম, খুন ও জেল চাপিয়ে দেওয়ায় তাদের অনেক স্বজন বিদ্রোহী বাহিনীতে যোগ দিচ্ছে, আর এতে সহিংতা ভয়াবহরকমভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।
“তাদের যথেষ্ট ভালো অস্ত্র নেই কিন্তু তারা প্রতিশোধ নিতে চায়। তারা কার্যকর অস্ত্রশস্ত্র পেলে বেপরোয়া হয়ে উঠবে। কেউ তাদের আটকাতে পারবে না,” সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের এক ধূলি ধূসরিত ক্যাম্পে বসে বলেন জেনারেল মুস্তফা।
জাতিসংঘ জানিয়েছে, গত এক বছর ধরে সিরিয়ায় চলমান সহিংসতায় সরকারি বাহিনীর হামলায় প্রায় ৯ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
আর সিরিয়ার আসাদ সরকার অভিযোগ করেছে, বিদেশি সমর্থনপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীরা সিরিয়ায় সহিংসতা সৃষ্টি করছে এবং তাদের হামলায় প্রায় ২ হাজার ৫’শ সেনা ও পুলিশ নিহত হয়েছে।
বৃহস্পতিবার থেকে জাতিসংঘ প্রস্তাবিত একটি শান্তি পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছিল সিরিয়া সরকার। তার আগেই তারা শহরগুলোতে মোতায়েন সরকারি সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বিরোধী পক্ষও সহিংসতা বন্ধ করবে এ মর্মে সরকার তাদের কাছে লিখিত অঙ্গিকার দাবী করে। এ দাবি প্রত্যাখ্যান করে বিরোধীরা।
ফলে সহিংসতা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি আর শান্তি পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্র“ত অঙ্গীকার পালনের আশা প্রায় বিলীন হওয়ার পথে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৩৬ঘ.
bdnews24